আন্তর্জাতিক পর্যবেক্ষক

নীতিমালা সংশোধন করে খসড়া চূড়ান্ত সেপ্টেম্বরে : ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের জন্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নীতিমালার সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হবে।

গতকাল বুধবার এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে নির্বাচন ভবনে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন ইসির কর্মকর্তারা।

এ বিষয়ে এটিই প্রথম বৈঠক জানিয়ে অশোক কুমার দেবনাথ আরও বলেন, তারা বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে নীতিমালা যুগোপযোগী করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আরও কয়েকটি বৈঠক করতে হবে। তারপর খসড়া দেব। এরপর কমিশন অনুমোদন দিলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে। এরপর অনুমোদনের জন্য তা কমিশনে তোলা হবে।

ইসির অতিরিক্ত সচিব বলেন, নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ইউজার ফেন্ডলি (ব্যবহারবান্ধব) হয়, সে ধরনের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

নীতিমালার কয়টি জায়গায় পরিবর্তন আসতে পারে এমন প্রশ্নের জবাবে ইসির এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে তিনি বলেন, এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে। আগামী সপ্তাহে আবার বসব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইইউ প্রতিনিধিরা কমিশনের সঙ্গে বৈঠকে পর্যবেক্ষকদের কিছু যন্ত্রপাতি আনা এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সুপারিশ করেছেন। এছাড়া বিদ্যমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা হালনাগাদসহ তাদের সুবিধার্থে নীতিমালায় কী যুক্ত করা যায় সে লক্ষ্যে বুধবার নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকায় বৈঠক করেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার এবং এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।