আ.লীগকে বিপুল ভোটে জয়ী করতে চান ওসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ‘বিপুল ভোটে’ জয়ী করার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি পৌরসভার মেয়রকে ‘সুযোগ্য’ এবং স্থানীয় সংসদ সদস্যকে ‘নয়নের মণি’ বিশেষণে অভিহিত করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। গত ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিওতে ওসিকে এসব কথা বলতে শোনা যায়। ২ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওটি দেশ রূপান্তরের হাতে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত থেকে একটি রাজনৈতিক দলকে প্রকাশ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাওয়ার এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত ‘দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ’ করা হয়। অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে বলেন, ‘দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পৌরসভার সুযোগ্য মেয়র নুরনবী অপু। উপস্থিত আছেন আমাদের নয়নের মণি, দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ থেকে বারবার নির্বাচিত প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী মহোদয়, আমাদের মাটি ও মানুষের নেতা জনাব আবুল কালাম আজাদ। আরও উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি, সাধারণ সদস্যবৃন্দ, উপজেলা পরিষদ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বোনেরা আমার ভাইয়েরা আমার, সবাই আমার সালাম নিবেন। ১৫ আগস্ট শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে সপরিবারে হত্যার ঘৃণিত ওই দিনে ঘৃণিত খুনিদের শাস্তি হোক। সব খুনিরাই কিন্তু শাস্তি পায় নাই। সবাইকে ফাঁসি দিয়ে ঝুলাইতে পারি নাই, শুধু কুচক্রী মহলের জন্য; আমরা চেয়েছিলাম। জাতির জনকের জন্য পেয়েছি আমরা লাল সবুজের পতাকা। যার জন্য পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ মানেই জাতির জনকের দেশ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

ওসি আরও বলেন, ‘গতকাল আমরা এক কুচক্রী মহলের অনেক উসকানি দেখেছি।

সুতরাং, এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং সামনে আমাদের নির্বাচন আসছে। আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের কাজ করে আগামী সরকারে যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম দিয়ে শেষ করলাম আজকের এই বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক আপনাদের সকলের।’

দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। পৌর কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ হারুন প্রমুখ।

এ বিষয়ে ওসি শ্যামল চন্দ্র ধরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোনো একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে এটা করছে।’

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘এটা উনার বক্তব্য, উনি দিয়েছেন। এটা পার্সোনাল দায়বদ্ধতা। উনি উনার ব্যক্তিগত মতামত তো দিতেই পারেন। এটা উনার ব্যক্তিগত মতামত।’

শ্যামল চন্দ্র ধর ২০২২ সালের ২৮ জুলাই দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে ২০২০ সালের অক্টোবর মাস থেকে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নেত্রকোনার কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র ধর ২০০১ সালে পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে যোগদান করেন।