বৃষ্টির মৌসুমে বাজারে নানা ধরনের কচু পাওয়া যায়। কয়েক ধরনের কচু দিয়ে রেসিপি দিয়েছেন শেলী’স কিচেনের আল কাওছার জাহান শেলী
কচুর কাটলি
উপকরণ
কচু গোল গোল করে কাটা টুকরা ২ কাপ, সরিষার তেল আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা এক চা চামচ, টালা জিরার গুঁড়া আধা চা চামচ, শুকনো মরিচ চারটি, ধনেপাতা কুচানো তিন টেবিল চামচ, আস্ত জিরা আধা চামচ, তেজপাতা দুটি, লবণ এক চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. গরম পানিতে লবণ দিয়ে কচু ভাপ দিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিন।
২. তেলে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর ধাপে ধাপে দিতে থাকুন সব মসলা।
শুকনা মরিচ, কাঁচা মরিচ ও ধনেপাতা বাদ দিয়ে।
৩. মসলা কষানো হয়ে গেলে দিয়ে দিন কচু। কচু ভালো করে কষানো হয়ে তেলের ওপর উঠলে দিয়ে দিন জিরার গুঁড়া, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি।
৪. হালকা আঁচে রান্না করুন এক মিনিট। এরপর পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
কচু পাতা চিংড়ি
উপকরণ
চিংড়ি মাছ ৫০০ গ্রাম, কুচি করা কচু পাতা ৩ কাপ, নারিকেল বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল সিকি কাপ, লবণ এক চা চামচ, কাঁচা মরিচ ৪টি, কালিজিরা এক চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. গরম পানিতে লবণ দিয়ে কচু পাতা ভাপ দিয়ে নিন। চিংড়ি মাছে লবণ হলুদ মেখে ভেজে তুলুন।
২. কড়াইতে তেল দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে ধাপে ধাপে দিয়ে দিন নারিকেল বাটা, পোস্ত বাটা, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া।
৩. মসলা ভালো করে কষানো হয়ে গেলে দিন কচু পাতা কুচি এবং স্বাদ মতো লবণ।
৪. প্রয়োজন হলে তেল দিয়ে দিন। ভালো করে কষানো হয়ে ভর্তার মতো হলে দিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছ।
রান্না করুন অল্প আঁচে কিছুক্ষণ। এরপর গরম গরম পরিবেশ করুন ভাতের সঙ্গে।
শুঁটকি দিয়ে কচুর লতি
উপকরণ
কচুর লতি আধা কেজি, লইট্যা শুঁটকি ১০০ গ্রাম, কাঁঠালের বিচি ২০টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আস্ত রসুনের কোয়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৫টি, লবণ দেড় চা চামচ, তেল দুই টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. কচুর লতি ভালো করে পরিষ্কার করে গরম পানিতে লবণ দিয়ে ভাপ দিয়ে নিন।
২. শুঁটকি কেটে টুকরা করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রাখুন।
৩. কাঁঠালের বিচি সিদ্ধ করে চার ভাগ করে টুকরা করে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন।
৪. তার পর শুঁটকি দিন এবং ধাপে ধাপে দিন সব মসলা। কাঁচা মরিচ এবং ভাজা জিরার গুঁড়া বাদ দিয়ে। শুঁটকি ভালোভাবে কষানো হলে দিয়ে দিন কাঁঠালের বিচি।
৫. শুঁটকি কাঁঠালের বিচি কষানো হলে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা কচুর লতি। কচুর লতি কাঁঠালের বিচি শুঁটকি সব ভালোভাবে কষানো হলে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে কাঁচা মরিচ এবং জিরার গুঁড়া।
৬. কচুর লতি সবুজ রঙ থাকতেই চুলা থেকে নামিয়ে ফেলুন।
মুরগিতে কচুর মুখি
উপকরণ
মুরগি ১টি, কচুর মুখি আধা কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, তেল সিকি কাপ, গরম মসলা আন্দাজ গুঁড়া ২ চা চামচ, কাঁচা মরিচ ৪টা।
যেভাবে তৈরি করবেন
১. মুরগির মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে লবণ মেখে ভেজে নিন।
২. কচুর মুখি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন।
৩. এরপর কড়াইতে তেল দিয়ে গরম মসলা দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে এলে একটু পানি দিয়ে একে একে সব মসলা দিয়ে কষাতে থাকুক।
৪. কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দিন। মুরগির মাংস সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিন কচুর মুখি।
৫. পানি দিয়ে রান্না করুন তেলের ওপর ওঠা পর্যন্ত। তেলের ওপর উঠলে দিয়ে দিন ভাজা জিরার গুঁড়া আর কাঁচা মরিচ। ১ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
ইলিশ মাছে কচু
উপকরণ
ইলিশ মাছ ৬ পিস, কচু লম্বা করে কাটা ১২ টুকরা, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ।
ধনিয়া গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ, কাঁচা মরিচ ৫টি, তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মাছে লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন।
২. গরম পানিতে লবণ দিয়ে কচু ভাপ দিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করুন। কাচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত।
৩. এরপর ধাপে ধাপে দিতে থাকুন সব মসলা। মসলা ভালো করে কষানো হলে দিয়ে দিতে হবে কচু। কচু কষানো হলে দিয়ে দিন ভেজে রাখা মাছ।
৪. মাছ ও কচু কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। বলক এলে ওপরে ভাজা জিরার গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে অল্প সময় রান্না করে নামিয়ে নিন।