সহকর্মীদের আনন্দযাত্রা পরিণত হলো শেষযাত্রায়

সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছিলেন নয়জন সহকর্মী। সঙ্গে এক নিকটাত্মীয় ও মাইক্রোবাসের চালক। আনন্দের এই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা কে জানত। সিলেট আর ঘুরে দেখা হলো না তাদের, মাঝপথেই তাদের কাউকে কাউকে পরিণত হতে হলো প্যাকেটবন্দি লাশে। আবার কেউবা হাসপাতালের শয্যায় শুয়ে কাতরাচ্ছেন।

এই হতাহতদের সবাই ঢাকার সাভারের বাইপাল নতুনপাড়া এলাকার এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় দুর্ঘটনায় পড়ে তাদের বহনকারী মাইক্রোবাস। সাভার থেকে সিলেটগামী মাইক্রোবাসটি দ্রুতগতির আরেকটি গাড়িকে পাশ কাটানোর সময় (ওভারটেক) সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি, নিহত হন এর সাত আরোহী। গুরুতর আহত হন আরও চারজন। তাদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং একজনকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীর দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, তা ঢাকা-সিলেট মহাসড়কের একটি বিপজ্জনক বাঁক। এর আগে একই স্থানে ২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় বেলাব থানার ১০ পুলিশ সদস্য নিহত হয়। সেখানে বৃহস্পতিবার গভীর রাতের দুর্ঘটনায় নিহতরা হলেনÑ গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭), ঝালকাঠির রাজাপুরের পারগোপালপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯), টাঙ্গাইলের দেলদুয়ারের মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০), জামালপুরের সরিষাবাড়ীর ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬), মাদারীপুরের কালকিনির উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭), বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়া সদরের খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০)। এদের মধ্যে বাবুল মোল্লা বাদে সবাই এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী। আহত চারজন হলেন কারখানাটির মার্চেন্টাইজার সাকি, পারভেজ, দোয়েল ও মিঠুন। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

হাইওয়ে পুলিশ জানায়, রাত ৩টার কাছাকাছি সময়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ছয়জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান এবং নিহত পাঁচজনের লাশ উদ্ধার করেন।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথেই একজন ও চিকিৎসাধীন অবস্থায় অন্যজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে একজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া গিয়ে দেখা যায়, মহাসড়কের এ অংশে একটি বাঁক রয়েছে। সে কারণে দ্রুতগতির গাড়িচালকদের বাঁকের অন্য পাশের গাড়ি দেখতে সমস্যা হয়। সেখানে কথা হয় স্থানীয় বাসিন্দা খালেক মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘রাতে বাড়িতে শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। মহাসড়কে এসে দেখি ট্রাকটা একপাশে পড়ে আছে আর মাইক্রোবাসটি চিত হয়ে উপুড় হয়ে আছে। মানুষ কান্নাকাটি করছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে দেখতে পেয়েছি ট্রাকটি নিজের লেনেই ছিল আর মাইক্রোবাসটি অন্য একটি লেনে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি অন্য কোনো যানবাহনকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আমরা ট্রাকের চালককে আটক করেছি, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আমরা তদন্ত করছি।’

দুর্ঘটনার খবর পেয়ে সকালে নরসিংদী সদর হাসপাতালে ছুটে আসেন এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) শিহাব উদ্দিন জাকি। তিনি নিহতদের পরিচয় সনাক্ত করে স্বজনদের খবর দেন। ওই সময় শিহাব উদ্দিন জাকি সাংবাদিকদের বলেন, চালক ও আরেকজন ছাড়া মাইক্রোবাসটিতে অবস্থান করা নয়জনই তাদের প্রতিষ্ঠানের কর্মী। এর মধ্যে আটজনই প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজার ও একজন ফেব্রিকস সেকশনের স্টোর কিপার। কিছুদিন ধরেই তারা সিলেটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১ জন ওই মাইক্রোবাসে চড়ে সিলেটের দিকে রওনা হন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহত আল আমিন খানের ছোট ভাই আসিফ খান। তিনি বলেন, ‘আমি শ্রীমঙ্গলে চাকরি করি। ভাইয়ের সিলেট ঘুরে আমার কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু ফোনে খবর পাই ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে।’

তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সকালে কারখানা থেকে ম্যানেজার কল করে আম্মুকে দুর্ঘটনার খবর জানান। এরপর ভাইয়ের মৃত্যুর সংবাদে বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন।’

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন ভূঁইয়া জানান, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

একসঙ্গে ছয় কর্মকর্তাকে হারিয়ে বাকরুদ্ধ সহকর্মীরা : সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার নতুন জোনের দক্ষিণ পাশের দেয়াল ঘেঁষা বাইপাইল নতুনপাড়া এলাকায় এসবি নিটিং লিমিটেড কারখানা ও এর আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে কারখানাটির ছয় কর্মকর্তাকে হারিয়ে শোকে কাতর সহকর্মীরা। কারখানার মূল ফটকে ছয় কর্মকর্তার মৃত্যুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছবি সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে।

এসবি নিটিং লিমিটেডের এইচআর ম্যানেজার (প্রশাসন) জাহিদুল ইসলাম বলেন, ‘তাদের মৃত্যুতে (নিহত ছয় সহকর্মী) প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমরা হয়তো তাদের জায়গায় নতুন লোক নিতে পারব, কিন্তু তাদের মতো কর্মকর্তা আর পাব না।’

দেশের বিভিন্ন জায়গায় সড়কে নিহত আরও ৯ : বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে তেঁতুলিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাটের রামপালের শংকরনগর গ্রামের এনামুল (২৬), পাশের বেলাই গ্রামের আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের সাইদুল (২৮)। তারা তিনজনই মাছের ঘেরের কর্মচারী।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে ঢাকাগামী বাসের চাপায় আকাশ আলী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আরও চার মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ও বাসটির ১০-১২ জন যাত্রী আহত হন। গতকাল দুপুর দেড়টার দিকে কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যশোরের মনিরামপুরে আলমসাধু (যন্ত্রচালিত তিন চাকার যান) ও মোটরসাইকেলের সংঘর্ষে সুব্রত দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের কাচারিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় জাহানারা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট সৈয়দা মেমোরিয়াল স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম উপজেলার ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটিয়া গ্রামের তুফান আলী পল্লান বাড়ির জাকির হোসেনের স্ত্রী।

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় জাবের হোসেন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে কুড়িল ফ্লাইওভারে নিহত হয়েছেন অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তি। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা জাবের হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকটির চালক নিহত হয়েছেন। তার নাম শাহজাহান (৩৫)। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে সকাল ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি