৬৩ বছরের রেকর্ড ভেঙে সেরার পুরস্কার, আল্লু অর্জুনের ‘পার্টি’

প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে রীতিমতো ইতিহাস তৈরি করলেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, ভাঙলেন ৬৩ বছরের রেকর্ড। এর মধ্য দিয়ে তার ‘পুষ্পা: দ্য রাইজ’ জাদু ফের টক অব দ্য টাউন হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হযেছে, দেশটির রাজধানী দিল্লিতে আয়োজিত প্রেস মিটে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এদিন রাত থেকেই অভিনেতার বাড়ির সামনে অনুরাগীদের উদযাপনের ছবি চোখে পড়ছে। বাইরে বেরিয়ে অভিবাদন জানিয়েছেন অভিনেতাও। স্বামীর সাফল্যে বাড়িতেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি।

কালো প্যান্ট ও টিশার্টে দেখা গেছে আল্লুকে, রাতের পার্টি হলেও চোখে ছিল রোদচশমা। অভিনেতার স্ত্রীকে দেখা গেছে গোলাপী বডিকন পোশাকে। গোটা অনুষ্ঠানের থিম ছিল ‘পুষ্পা’। কুড়ুল থেকে শুরু করে চন্দন কাঠ বোঝাই ট্রাক— ‘পুষ্পা’ ছবির বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হয়েছে গোটা অনুষ্ঠান। হাজির ছিলেন ‘পুষ্পা’ ছবির কলাকুশলীরা। যদিও দেখা মেলেনি পু্ষ্পার শ্রীবল্লীর, অর্থাৎ অভিনেত্রী রশ্মিকা মান্দানার। তবে, সহ-অভিনেতার সাফল্যে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভোলেননি অভিনেত্রী।

২০২১ সালের ডিসেম্বরে পুষ্পা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে শুধুমাত্র তার ব্যতিক্রমী অভিনয়ের জন্যই প্রশংসিত হননি; সংলাপ, ক্যারিশম্যাটিক সোয়াগ এবং পর্দায় শক্তিশালী উপস্থিতিতে দর্শকের মন কেড়েছে এই দক্ষিণী তারকা।

এ ছাড়া সিনেমাটির সামি সামি, শ্রীবল্লী, ওও আন্তাভা নামের গানগুলো দর্শকনন্দিত হয়েছে। বর্তমানে এই অভিনেতা সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে ব্যস্ত। এতেও তার নায়িকা হিসেবে থাকবেন রাশ্মিকা মান্দানা।