পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা প্রাণ গেল ৩ পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে অরক্ষিত একটি রেলক্রসিংয়ে আটকেপড়া পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের আরও দুই সদস্য এবং ইউনিয়ন পরিষদের এক সদস্য (মেম্বার)। গতকাল রবিবার দুপুরে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে গতকাল বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার ধাক্কায় শিশু এবং রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রামে নিহতরা হলেন সীতাকুণ্ড থানার কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। আহত হয়েছেন একই থানার এসআই সুজন শর্মা, কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন।

জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টহল দল স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেনকে নিয়ে একটি চুরির মামলার আসামি ধরতে যাচ্ছিল। তাদের বহনকারী পিকআপ ভ্যানটি পশ্চিম থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় রেলক্রসিংয়ে আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মিজানুর রহমান নিহত হন। আর আহত চার পুলিশ সদস্য ও ইউপি সদস্য শাহাদাত হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান জানান, আহত দুই পুলিশ সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত আরেক পুলিশ সদস্য এবং ইউপি সদস্য শাহাদাতের অবস্থা আশঙ্কামুক্ত। এই দুজনের চিকিৎসা চলছে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে।

এই দুর্ঘটনার বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘ইউপি সদস্য শাহাদাত হোসেনকে নিয়ে একটি মোবাইল ফোন উদ্ধারে যাচ্ছিল থানা পুলিশের টিম। ঘটনাস্থল ছলিমপুর রেলক্রসিংয়ে কোনো ব্যারিয়ার ছিল না। ফলে পুলিশ বহনকারী ভ্যানটি রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রেন আসার বিষয়টি চালক টের পাননি। ওই রেলক্রসিংয়ে ছিল না কোনো গার্ড। দায়িত্বে গার্ডের অবহেলার কারণে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।’

গেটম্যান বরখাস্ত : চট্টগ্রামের সীতাকু-ের ফকিরহাট রেল ক্রসিংয়ের দুর্ঘটনায় রেলের গেটম্যানের গাফিলতির প্রাথমিক তথ্যপ্রমাণ পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় গেটম্যান শাহরিয়ার মাহমুদ দীপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিস্তারিত জানতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান ও বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) রফিকুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যাট রেজাউনুর রহমান।

সড়কে নিহত আরও ৩ : বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় নজরুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে শিবগঞ্জের মহাস্থান হাতিবান্ধা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পরিবহন ও ইটভাটা ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম। পথে রংপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ময়মনসিংহের নান্দাইলে দাদার সঙ্গে বাজারে গিয়ে অটোরিকশার ধাক্কায় মুসা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামের আলম মিয়ার ছেলে। জানা গেছে, শিশুটি দাদা জিল্লু মিয়ার সঙ্গে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ফকিরেরবাজারে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ শিশুটি দাদার হাত ছেড়ে রাস্তায় চলে যায়। এ সময় চলমান একটি অটোরিকশার সঙ্গে সে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৭ বছর। গত শনিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার এসআই ওসমান আলী উল্লেখ করেন, মধ্যরাতে যাত্রাবাড়ী কাজলা ব্রিজের পাকা রাস্তার ওপর বেপরোয়া গতির কোনো যানবাহন ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে ছিল নীল রঙের ফুলহাতা শার্ট ও আকাশি রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।