সাংবাদিকদের পররাষ্ট্র সচিব

ভারসাম্য রক্ষার স্বার্থে ব্রিকসের সদস্যপদ পায়নি বাংলাদেশ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আঞ্চলিক ভারসাম্য রক্ষার কারণেই বাংলাদেশ এবার অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে পারেনি। এতে আশাহতের তেমন কিছু দেখছি না। আমাদের আরও সময় আছে। আগামীতে জোটের সদস্যপদ পাওয়া যাবে। গতকাল রবিবার রাতে সাংবাদিকদের ব্রিকসে বাংলাদেশের যুক্ত হতে না পারা নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ইথিওপিয়ার মতো একটি দেশ আমন্ত্রণ পেল অথচ বাংলাদেশ পেল না এ নিয়ে সরকারের মূল্যায়ন কী, এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব মোমেন বলেন, এখানে রাজনৈতিক এবং আঞ্চলিক অনেক ইস্যু আছে। এটা সদস্যপদগুলো খেয়াল করলেই দেখা যায়। লাতিন আমেরিকা থেকে এক দেশ, নর্থ আফ্রিকা থেকে একটা, আবার মধ্যপ্রাচ্য থেকেও নিয়েছে। সুতরাং তারাও জিওগ্রাফিক্যাল একটা ব্যালান্স করার চেষ্টা করেছে।

তিনি বলেন, আমাদের পাশে আর‌ও দেশ ছিল এবং তারা বেশ আগ্রহী ছিল, কিন্তু পায়নি। এটা একটা চলমান প্রক্রিয়া। এখানে রাজনৈতিক পর্যায়ে বলতে পারেন, আমরা ছয়জনের মধ্যে এবার ছিলাম না। কিন্তু আমরা ব্রিকসের রিয়েল যে আউটরিচটা (নিউ ডেভেলপমেন্ট ব্যাংক) আছে, ওটার মাধ্যমে আমাদের লাভবান হওয়ার সুযোগটা আছে। সেটাতে আমরা আছি।

পররাষ্ট্র সচিব বলেন, আগামীতে ব্রিকসে সদস্য হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছেন, এটা প্রথম ধাপ। পরে আরও ধাপ আসবে। আমরা আশা করছি যে, পরবর্তী ধাপে হবে। ইতিমধ্যে আমরা একটু সময় পেলাম।

ব্রিকসকে পশ্চিমা অর্থনীতির বিকল্প প্ল্যাটফর্ম বলা হচ্ছেÑ এ প্রসঙ্গে মাসুদ বিন মোমেনের মন্তব্য, সবাই যেভাবে বলছিলÑ ব্রিকস জি-৭ বা পশ্চিমা অর্থনীতির বিকল্প প্ল্যাটফর্ম হবে, বিষয়টি এত সহজ নয়। এবার কিন্তু আমরা সে ধরনের কিছু দেখিনি। ব্রিকসের তো ১৫ বছর হয়ে গেল। সুতরাং ট্যানজিবল আউটকামের দিকে যদি আপনারা দেখেন, একমাত্র এনডিবি ছাড়া তেমন একটা চোখে পড়েনি। সুতরাং আমরা এনডিবির পার্ট আছি, এখানে আশাহতের তেমন কিছু দেখছি না। সুতরাং আমাদের আরও সময় আছে।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী বছরের মার্চ মাসে হয়তো আসবেন। আমাদের সঙ্গে অনেক প্রজেক্ট তিনি করবেন।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে; কিন্তু আনুষ্ঠানিক আলোচনার প্রেক্ষাপটে নয়। তার আসার একটা সম্ভাবনা তো আছে। টাইমিং নিয়ে আমরা কাজ করছি।