ডিএমপি কমিশনার-হাস বৈঠক

নির্বাচনী নিরাপত্তা নিয়ে আলোচনা

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং মানবাধিকার ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিয়েছে। ঢাকা ১৭ আসনের উপনির্বাচন চলাকালে ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগের অন্যতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা প্রশ্নের মুখে ফেলে দেশের নির্বাচনী নিরাপত্তা নিয়ে। চরম সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমন পরিস্থিতিতে গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার মানবাধিকার কর্মকর্তাও ছিলেন।

গতকাল সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক ঘুরে-ফিরে নির্বাচনী নিরাপত্তা ও পুলিশিংয়ে মানবাধিকারের বিষয়টি উঠে এসেছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার দেশ রূপান্তরকে এক ইমেল বার্তায় জানান, ‘রাষ্ট্রদূত হাস আজ (গতকাল বুধবার) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রাক-নির্বাচন নিরাপত্তা পরিবেশ এবং পুলিশিংয়ে মানবাধিকারকে সম্মান করার গুরুত্ব নিয়ে আলোচনার সুযোগের প্রশংসা করেন।’

এদিকে বৈঠকের মানবাধিকার ও নির্বাচনী নিরাপত্তার আলোচনার বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছে।’

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. ফারুক হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত এবং সন্ত্রাস দমনের প্রচেষ্টা, বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের মৌলভীবাজারে জঙ্গিবাদ নিয়ে চালানো অভিযান নিয়ে আলোচনা হয়েছে। সামনে জঙ্গি তৎপরতা বাড়ার সম্ভাবনা আছে কি না তাও জানতে চায় তারা।’

বৈঠকে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার ছাড়াও অতিরিক্ত কমিশনার (সিটিটিসি), অতিরিক্ত কমিশনার (ডিবি) এবং অতিরিক্ত কমিশনার অপরাধ ও অপারেশন উপস্থিত ছিলেন।