বিএনপি দেশ শাসনের নামে হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট করে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কিছুই পায়নি, পেয়েছে একেবারে অশ্বডিম্ব।’
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁও পুরনো বাণিজ্য মেলা মাঠে আয়োজিত সুধী সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক গোষ্ঠীর দোসর বিএনপি। ক্ষমতায় থাকতে কি করেছ? শেখ হাসিনা দিয়েছেন মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আর কত কী। হায়রে জ্বালা, অন্তর জ্বালা। তোমরা কী দিলা?’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মাঝে মাঝে আন্দোলনে বিরতি দেয়। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে। আর বাইরে পুলিশের গতিবিধি দেখে। এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে। তারেক রহমান রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়েছিল। সে নাকি বাংলাদেশের বীর নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে না। এদের বিরুদ্ধে লড়তে হবে। একসঙ্গে লড়াই করতে হবে।’
বিরোধীদের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ওরা নিষেধাজ্ঞা আর ভিসানীতির কথা বলে। সিয়েরা লিওনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এসেছে। এ নিয়েও বিএনপিতে উল্লাস। আমি বলি সিয়েরা লিওন যা করল, সেটা তো তোমরাই করেছ। মাগুরা মার্কা নির্বাচন, এক কোটি ভুয়া ভোটারের তালিকা তোমরাই করেছ।’
বিদেশি রাষ্ট্রগুলোর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এখানে বিদেশি বন্ধুরা আছেন, আমরা কথা দিতে চাইÑ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা করব। এটাই আমাদের শপথ। আমাদের সিয়েরা লিওনের কথা বলে লাভ নেই।’
তিনি বলেন, বিএনপির দাবি একটাই, শেখ হাসিনাকে হঠাতে হবে। কোন দুঃখে? কেন পদত্যাগ করবেন শেখ হাসিনা? কোনো দেশের নির্বাচনী নীতিতে এটা আছে?