একনজরে আজকের দেশ রূপান্তর (০৩ সেপ্টেম্বর)

বিদেশিদের ভয় দেখিয়ে লাভ নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আন্দোলন, ভিসানীতি, নিষেধাজ্ঞা বা বিদেশিদের ভয় দেখিয়ে লাভ নেই। নৌকা সারা জীবন উজান ঠেলেই এগিয়ে যাবে। অনেকে আন্দোলনের কথা বলে। আবার ভিসানীতি বা নিষেধাজ্ঞার ভয় দেখায়। আমার স্পষ্ট কথা, দেশ আমাদের, দেশ আমরা স্বাধীন করেছি। আমাদের এসব ভয় দেখিয়ে লাভ নেই।

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্যমেলা মাঠে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন-পরবর্তী সুধী সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিস্তারিত পড়ুন


স্থবির রাজধানীতে ভোগান্তির দিন

দীর্ঘ অপেক্ষা শেষে গতকাল শনিবার উদ্বোধন হয়েছে দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। আর এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশ ঘিরে গতকাল রাজধানীতে ব্যাপক জনসমাগম হয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনে জমায়েত হয় উদ্বোধন অনুষ্ঠানস্থল রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলার মাঠে। ফলে বাইরে থেকে আসা অতিরিক্ত যানবাহনের চাপে স্থবির হয়ে পড়ে রাজধানীর বড় একটি অংশের সড়কগুলো।

যদিও এমন পরিস্থিতি এড়াতে আগে থেকেই রাজধানীবাসীকে আগারগাঁও এলাকা এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। তবে এই নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন গন্তব্যের পরিবহনগুলো। ফলে দুপুর থেকে রাত পর্যন্ত ঘণ্টার ঘণ্টার পর যানজটে আটকে থাকতে হয় প্রয়োজনে বের হওয়া মানুষকে।

বিস্তারিত পড়ুন


বিমান সংস্থাগুলোর লাইসেন্সে অনীহা

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ পেতে বিশ্বের বিভিন্ন দেশ মরিয়া হয়ে উঠেছে। তারা নানা উপায়ে লবিং করছে; বিশেষ করে তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন হওয়ার পর কে কাজ পাবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিমানও চাইছে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটি ধরে রাখতে। আবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটাও চাইছে কাজ করতে। তবে কর্তৃপক্ষ চাইছে জাপানকে দিতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কটি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরই ধারাবাহিকতা বজায় রাখতে ইতিমধ্যে ১ হাজার কোটি টাকার সরঞ্জাম আনা হয়েছে। আরও ৭০০ কোটি টাকার সরঞ্জাম কেনার পরিকল্পনা করেছে সংস্থাটি। কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ পেতে হলে এয়ার নেভিগেশন অর্ডার (এএনও) সার্টিফিকেট করার কথা থাকলেও বিমান তা করেনি বলে অভিযোগ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বছরে সংস্থাটির অন্তত ১০০ কোটি টাকা গচ্চা যাচ্ছে। ইতিমধ্যে লাইসেন্স করতে বিমানকে চিঠি দিয়েছে বেবিচক। এরপরও লাইসেন্স করার আগ্রহ না দেখালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দেওয়া হবে অন্য কোনো সংস্থাকে। বিমানের পাশাপাশি বেসরকারি এয়ারলাইনসকেও বাধ্যতামূলক লাইসেন্স নিতে বলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে দেশ রূপান্তরকে।

বিস্তারিত পড়ুন


বাংলাদেশকে আজ জিততেই হবে

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সাকিব আল হাসানের বাংলাদেশও ঘুরে দাঁড়াবে এশিয়া কাপে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই তত্ত্বে বিশ^াসীর সংখ্যা কম নয়। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হার দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হলেও লাহোরে ঠিকই ঘুরে দাঁড়াবে সাকিবের দল, সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে পৌঁছে যাবে সুপার ফোরে এবং এরপর ফাইনালে; ক্রিকেটসংক্রান্ত নানান ফেসবুক গ্রুপে আর মন্তব্যের ঘরে এই মতবাদে বিশ্বাসীদের দেখা মেলে। প্রশ্ন হচ্ছে, দলের ক্রিকেটাররা কতটা বিশ্বাস করেন, আফগানিস্তানকে তারা আজ হারিয়ে দেবেন হেসেখেলে?

বিস্তারিত পড়ুন


ভিসি-প্রোভিসি পেতে হয়রান

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য (ভিসি) পদ দীর্ঘদিন ধরেই শূন্য। গত বছর তারা তিনজনের একটি ভিসি প্যানেল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু গত বছরের ২৯ নভেম্বর সে ফাইলটি মন্ত্রণালয় থেকে ফিরে আসে। তারপর গত ৯ মাসেও বিশ্ববিদ্যালয়টিতে কোনো ভিসি নিয়োগ হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রো-ভিসির পদটিও শূন্য রয়েছে।

সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছিল, আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য নিয়োগের জন্য প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে অধ্যাপক ড. নিলুফার বেগম নিলুর প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় তার পরিবর্তে বিকল্প প্রস্তাবসহ নতুন করে তিনজনের প্যানেল প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত পড়ুন


রেকর্ডের দিনে মৃত্যু ৬০০ ছাড়াল

দেশে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১ জন। এর মধ্যে ১৭ জনই মারা গেছে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। বাকি চারজন মারা গেছে ঢাকার বাইরে। এর মধ্য দিয়ে দেশে গত ২৩ বছরের ডেঙ্গুর ইতিহাসে এই প্রথম দৈনিক সর্বোচ্চ মৃত্যু দেখল মানুষ। এর আগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছিল ১৯ জুলাই।

একই সঙ্গে চলতি বছর ডেঙ্গুতে এই প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়াল। গতকাল পর্যন্ত মারা গেছে ৬১৮ জন। দেশে ডেঙ্গুতে এটাই এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ২৮১ জন ও ২০১৯ সালে ১৭৯ জন মারা গিয়েছিল। এ ছাড়া ২০২১ সালে ১০৫, ডেঙ্গুর শুরুর বছর ২০০০ সালে ৯৩, ২০০২ সালে ৫৮ ও ২০০১ সালে ৪৪ জন মারা যায়। মাঝখানে ২০০৭ থেকে ২০১০ ও ২০১৪ সালে এই পাঁচ বছর ডেঙ্গুতে কেউ মারা যায়নি। বাকি বছরগুলোতে মৃত্যু সর্বোচ্চ ২৬ জন থেকে সর্বনিম্ন একজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

বিস্তারিত পড়ুন


নোবেলজয়ী সেই সাংবাদিককে ‘চর’ আখ্যা রাশিয়ার

শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধসহ ক্রেমলিনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করায় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রুশ সরকার। রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থা দেশটির বিচার মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার বিচার মন্ত্রণালয় মুরাতভ সম্পর্কে বলেছে, তিনি রাশিয়ার অভ্যন্তরীণ ও বিদেশি নীতিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন।

বিস্তারিত পড়ুন


জামালপুরে পানিবন্দি ৪৩ হাজার মানুষ

উজানের পাহাড়ি ঢলে জামালপুরের বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এ জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যমুনার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার প্রায় ৪৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে প্রায় ২৫০০ হেক্টর ফসলি জমি।

গতকাল শনিবার সরেজমিনে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা ঘুরে দেখা যায়, যমুনার তীরবর্তী এলাকার বেশিরভাগ আমন ধানের ক্ষেত ডুবে গেছে। মানুষের বাড়িঘরে ঢুকেছে পানি। এসব এলাকার অনেক রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। এ ছাড়াও ইসলামপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে।

বিস্তারিত পড়ুন