শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধসহ ক্রেমলিনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করায় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রুশ সরকার। রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থা দেশটির বিচার মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার বিচার মন্ত্রণালয় মুরাতভ সম্পর্কে বলেছে, তিনি রাশিয়ার অভ্যন্তরীণ ও বিদেশি নীতিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন।
মুরাতভের পত্রিকা নোভায়া গেজেটা অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে বহির্বিশ্বে বেশ সুনাম কুড়িয়েছে। এসব প্রতিবেদনে ক্রেমলিনের সমালোচনা করা হয়েছে। গত বছর মার্চে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত, গত বছরের মার্চে সংবাদ প্রকাশ স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল নোভায়া গেজেট। তবে সংবাদপত্রটির অনেক সাংবাদিক বর্তমানে লাটভিয়া থেকে একটি পত্রিকা বের করছেন।
দিমিত্রি মুরাতভ স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার সম্পাদক। ২০২১ সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। গত বছর ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তার উদ্দেশ্যে তিনি তার নোবেল পুরস্কারের গোল্ড মেডেলটি নিলামে বিক্রি করে দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় কাউকে তথাকথিত ‘বিদেশি এজেন্ট’ আখ্যায়িত করা হলে, যেকোনো সময় তার বিরুদ্ধে পুলিশ তল্লাশি চালাতে পারে, গ্রহণ করতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। ২০২১ সালে ইউক্রেনে হামলা চালানোর পর ‘বিদেশি এজেন্টদের’ তালিকা দীর্ঘ হতে থাকে। এই যুদ্ধের সমালোচনা করায় অনেকেই রাশিয়া ছেড়ে গেছেন। তবে মুরাতভ এখনো দেশ ছাড়েননি।
