র‌্যাগিংয়ের অভিযোগে শাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ ঘটনায় একটি অফিস আদেশও জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ইসরাত জাহান এবং জহিরুল ইসলাম।

গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের (২০২২-২৩) ক্লাস শুরু হয়। নিজ বিভাগে নবীনবরণ শেষে নবীন শিক্ষার্থীদের র‍্যাগ দেওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

ওই অফিস আদেশে বলা হয়, দুই শিক্ষার্থী প্রাথমিকভাবে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত ছিলেন বলে প্রমাণিত হওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ওমর ফারুক এবং সহকারী প্রক্টর ড. আহসান হাবিব। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।