‘তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা লড়াই করছি, ফ্যাসিস্ট সরকারে পতন ঘটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই লড়াই করে যাচ্ছি। এই সরকার স্বাধীনতার যে অর্জন, সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে। তারা এ দেশের আত্মাকে নষ্ট করেছে।’
গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরবঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার একটি লক্ষ নিয়েছে, যারা এদের বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে তাদের জেলে ঢুকিয়ে গ্রেপ্তার করে স্তব্ধ করতে চায়। কিন্তু এগুলো করে জনগণের আন্দোলন থামতে পারবে না। এ আন্দোলনে বিজয়ী হতে হবে, আন্দোলন করে এদের পতন ঘটানো ছাড়া অন্যকোনো পথ নেই। কথা বেশি নয়, কথা একটাই, এ সরকারের পতন ঘটাতে হবে। এবার আমাদের জয়ী হতেই হবে।’
তিনি আরও বলেন, ‘ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ। এবার আর ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। এ দেশের জনগণ আর হতে দেবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা পণ করে সামনের দিকে এগিয়ে যাই, এ ছাড়া আর কোনো বিকল্প নেই।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাবেক ছাত্রদল সভাপতি ও উত্তরবঙ্গের কৃতী সন্তান ফজলুর রহমান খোকন, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।