উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২২১ জন কর্মকর্তা। গতকাল সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচনায় এসেছে ২২তম ব্যাচ। এ ছাড়া এর আগের পদোন্নতি বঞ্চিতদেরও বিবেচনায় নেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ছয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ইমেইল sa1@mopa.gov.bd-এ পাঠাবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্থায়ী পদ না থাকায় এমনিতেই অনেক যুগ্ম সচিবকে নিচের পদে কাজ করতে হচ্ছে। এর ওপর নতুন করে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত বেশিরভাগ যুগ্ম সচিবকে বর্তমান কর্মস্থলে ইনসিটু (উপসচিব হিসেবে দায়িত্ব পালন করা স্থানে) থাকতে হবে।