ভারতে দেশের নাম বদল নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। দেশটির ক্ষমতাসীন বিজেপি শিবিরের মতে, ইন্ডিয়া নামটির সঙ্গে দাসত্বের ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই ভারত নামটি ব্যবহার করা উচিত। বিরোধীরা অবশ্য বলছে, বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখাতেই কেঁপে গেছে শাসক দল। তাই এই নাম বদলের প্রসঙ্গ টানা হচ্ছে। অবশ্য কোনো দেশের নাম বদলের ঘটনা নতুন বিষয় নয়। আধুনিক বিশে^ বেশ কয়েকটি দেশ নাম বদল করেছে। তাই ইন্ডিয়া নাম থাকা উচিত কি অনুচিত, এই বিতর্কে না ঢুকে দেখে নেওয়া যাক গেল ১০০ বছরে কোন কোন দেশ তাদের নাম বদল করেছে।
নাম বদলের তালিকায় সবার আগের নামটি ইরান। ১৯৩৫ সাল পর্যন্ত বিশ্বে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় ইরান পরিচিত ছিল পারস্য নামেই। ওই বছর ইরান সরকার তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোকে অনুরোধ করেছিল, পারস্যের পরিবর্তে তাদের যেন ইরান নামে ডাকা হয়।
ইরানের পরে এই তালিকায় আছে আয়ারল্যান্ড। দেশটির আগের নাম ছিল আইরিশ ফ্রি স্টেট। ১৯৩৭ সালে আইরিশ সংবিধান আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করে আয়ারল্যান্ড বা আইরিশ ভাষায় ইরি রাখে। পরে ১৯৪৯ আয়ারল্যান্ডকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, নাম হয়েছিল আয়ারল্যান্ড প্রজাতন্ত্র।
থাইল্যান্ডের আগের নাম ছিল সিয়াম। এটি সম্ভবত সংস্কৃত থেকে এসেছিল, অর্থ ছিল ‘অন্ধকার’। ১৯৩৯ সালে দেশের আধুনিকীকরণের অংশ হিসেবে এবং চীনের প্রভাবের মোকাবিলা করতে দেশীয় সংস্কৃতি এবং ভাষায় থাইল্যান্ড নামকরণ করা হয়।
‘থাই’ কথাটির অর্থ ‘মানুষ’ বা ‘মুক্ত মানুষ’।
বতসোয়ানার আগের নাম বেচুয়ানাল্যান্ড প্রটেক্টরেট। ১৯৬৬ সালে দেশের প্রধান জাতিগোষ্ঠী সোয়ানার নাম অনুসারে হয়। বতসোয়ানা; কথাটির অর্থ সোয়ানাদের জায়গা।
ব্রিটিশরা শ্রীলঙ্কা নাম দিয়েছিল সিলোন। আরবিতে শ্রীলঙ্কাকে সাহেলান নামে ডাকা হতো। তারই অপভ্রংশ সিলোন। ১৯৭২ সালে দেশের নাম পরিবর্তন করে স্বাধীন সার্বভৌম শ্রীলঙ্কা প্রজাতন্ত্র রাখা হয়েছিল। ছয় বছর পরে ফের একবার নাম বদলে রাখা হয়, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক শ্রীলঙ্কা প্রজাতন্ত্র। এই দ্বীপরাষ্ট্রের প্রাচীন নাম ছিল লঙ্কা। তার সঙ্গে সম্মানসূচক শব্দ ‘শ্রী’ যুক্ত করা হয়।
বেনিনের আগের নাম ছিল দাহোমে। দাহোমে ছিল পশ্চিম আফ্রিকার পনেরো শতকের এক রাজ্য। বেনিনের একটা অংশ এই রাজ্যের দখলে ছিল। ১৮৭২ সালে ফরাসিরা এই দেশ দখল করার পর, আটলান্টিক উপকূলের এই আফ্রিকান দেশটিকে তারা ডাকত দাহোমে বলে। ১৯৬০ সালে স্বাধীন হয় রাষ্ট্রটি। ১৯৭৫-এ নাম পরিবর্তন করে রাখা হয় বেনিন।
উল্লিখিত দেশগুলো ছাড়াও আরও কিছু দেশ তাদের নাম বদল করেছে নানা কারণে। যেমন সুরিনাম থেকে হয়েছে সুরিনামে, রিপাবলিক অব রোডেশিয়া নাম বদলে হয়েছে জিম্বাবুয়ে, রিপাবলিক অব আপার ভোল্টা থেকে হয়েছে বুরকিনা ফাসো, জাইরে প্রজাতন্ত্র থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র থেকে চেকিয়া, বার্মা থেকে মিয়ানমার, হল্যান্ড থেকে নেদারল্যান্ডস, তুরস্ক থেকে তুর্কিয়ে।