মামলা বিতর্ক

এক-দেড় মাসের মধ্যে আমাকেও জেলে যেতে হবে

কয়েক দিন আগে মামলার বিচার শুরু হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার ধারণা, আগামী এক-দেড় মাসের মধ্যে আমানের (ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান) মতো আমাকেও চলে যেতে হবে ভেতরে (জেলে)।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তাদের (সরকার) উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার। যারা সরকারের বিরোধিতা করছে, সরকারের পক্ষে নয়, তাদের সবাইকে কারাগারে ঢোকাতে চায়। এই লক্ষ্যে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে।’

আইন মন্ত্রণালয়ে চারজনের একটি সেল তৈরি করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সেই সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের ভাষায় চাঞ্চল্যকর মামলা ও রাষ্ট্রবিরোধী মামলাগুলোকে যেন অতি দ্রুত রায় দেওয়ার ব্যবস্থা করা হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ড. ইউনূস একজন নোবেল লরেট। তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে, তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে।’

কালকে একজন মন্ত্রী বলেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয়। ড. ইউনূসকে আপনারা (সরকার) ব্যক্তিগতভাবে প্রতিহিংসা ও শত্রুতার কারণে ভিকটিম করে মামলা-মোকদ্দমা দিয়ে কারাগারে পাঠানোর চেষ্টা করছেন। আবার বলে কি, আমরা (বিএনপি) নাকি ড. ইউনূসের ওপর ভর করেছি। আমরা পুরোপুরিভাবে এ দেশের জনগণের ওপর ভর করেছি।’

তিনি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) কেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চান না। কারণ আপনারা জানেন, ওইটা করলে ১০টা আসনও পাবেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে (গতকাল) কোর্টে গিয়েছিলাম। প্রতিদিন হাজিরা দিতে হয়। আমানকে ১০ তারিখ হাজিরা দিতে হবে এবং সেখান থেকে কারাগারে চলে যেতে হবে মিথ্যা মামলায়। খালেদা জিয়া মিথ্যা মামলায় গৃহবন্দি, তারেক রহমান নির্বাসিত। প্রতিদিনই হাজার হাজার বিএনপি নেতাকর্মী কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছে, বিভিন্ন আদালতে ঢুকছে। এই দৃশ্য কোনো গণতান্ত্রিক বিশ্বে নেই।’

‘নব্বইয়ে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যে’র উদ্যোগে ‘নব্বইয়ের গণ-অভ্যুত্থান ও কিছু কথা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভাটি আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের লেখা গ্রন্থটির প্রকাশক শাহজী প্রকাশনী সংস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে ডাকসুর সাবেক এ জি এস নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আমান উল্লাহ আমান, সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

‘পুলিশ কর্তাদের টাকা পাচারের সুযোগ দিয়েছে সরকার’

গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। এই মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ ও প্রশাসনের ২৭২ জন কর্মকর্তা বিদেশে টাকা পাচার করেছে, সেখানে তাদের স্ত্রী-পুত্রদেরও রেখেছে। পুলিশের ৩০ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা পাচার করেছে। এগুলো কি শেখ হাসিনা জানেন না। পুলিশের জন্য ৯০ হাজার কোটি টাকার টিয়ারগ্যাস আমদানি করেছে জনগণের মুক্তির সংগ্রামে বাধা দেওয়ার জন্য।’

গণমিছিলের রুট জানাল বিএনপি

আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে গণমিছিল করবে। বিএনপি জানিয়েছে, ঢাকা উত্তরের গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হবে। আবুল হোটেল থেকে মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড় শান্তিনগর হয়ে নাইটিঙ্গেল মোড় পার হয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে। আর দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।