অভিমানেই সর্বনাশ শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকহারে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সারা দেশে ৩৬১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে ছাত্রী ২১৪ আর ছাত্র ১৪৭ জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই রয়েছেন ৬৬ জন। এসব আত্মহত্যার ঘটনার বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ শিক্ষার্থীই অভিমানে আত্মহননের পথ বেছে নিয়েছে। গতকাল শনিবার বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংস্থাটি ১১টি প্রস্তাবনাও দিয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, ‘এর আগের আত্মহত্যার ডেটাগুলোতে আমরা দেখেছিলাম, আত্মহত্যার পেছনে প্রেমঘটিত সম্পর্কের দায় বেশি ছিল। এবার ভিন্ন তথ্য সামনে আসছে। আত্মহত্যার পেছনে মূল ভূমিকা রাখছে অভিমান। এতে পরিবারের সঙ্গে সন্তানদের সম্পর্ক কতটুকু মজবুত তা নিয়ে চিন্তার উদ্বেক তৈরি করে। গত বছর আত্মহত্যার পেছনে করোনা বড় ধরনের ভূমিকা রেখেছিল। এ বছর করোনা না থাকলেও আত্মহত্যার খুব একটা হেরফের হয়নি। এটা আমাদের আশঙ্কিত করে তোলে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে আমাদের উচিত, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগী হওয়া। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের ওপর দায়িত্বশীল হতে হবে, যেন তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে পারেন।

আঁচল ফাউন্ডেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত আট মাসে ১৬৯ জন স্কুলশিক্ষার্থী, ৯৬ জন কলেজশিক্ষার্থী, ৬৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৩০ জন মাদ্রাসাশিক্ষার্থী আত্মহত্যা করেছে। সবচেয়ে বেশি  ঢাকা বিভাগে। এই বিভাগে আত্মহত্যা করেছে ৩১ দশমিক ৩০ শতাংশ। এ ছাড়া খুলনা বিভাগে ১৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৪ দশমিক ১০, রংপুরে বিভাগে ৮ দশমিক ৯০, ময়মনসিংহে ১০ শতাংশ, রাজশাহীতে ১১ দশমিক ৯০ এবং বরিশালে ৮ দশমিক ৩০ শতাংশ। সিলেটে আত্মহত্যার হার ২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সমীক্ষার তথ্য অনুসারে, আত্মহত্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে নারী শিক্ষার্থীরা। ৩৬১ জনের ৫৯ দশমিক ৩০ শতাংশ নারী শিক্ষার্থী গত আট মাসে আত্মহত্যা করেছে । অপরদিকে ৪০ দশমিক ৭০ শতাংশ পুরুষ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীদের বয়সভিত্তিক বিবেচনায় দেখা যায়, সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে ১৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা। ৬৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী ছিল এই বয়সী। ২০ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীদের আত্মহত্যার হার ২১ দশমিক ৬ শতাংশ।

গবেষক দল শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখেছে, আত্মহত্যার পেছনে সবচেয়ে বেশি দায়ী অভিমান। অভিমানের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। এ ছাড়া প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে ১৫ দশমিক ৮০, পারিবারিক সমস্যার কারণে ৬ দশমিক ৯, মানসিক অস্থিতিশীলতার কারণে ১১ দশমিক ৪, যৌন নির্যাতনের শিকার হয়ে ৩ দশমিক ৩০ এবং একাডেমিক চাপের কারণে আত্মহত্যা করেছে ৪ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত তিন বছরে প্রায় ১৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা যায়। গত ২১ আগস্ট বিশ^বিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী শেখ মঞ্জুরুল ইসলাম নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে একই মাসের ১৯ তারিখ ঋতুপর্ণা কর্মকার নামে বিশ্ববিদ্যালয়ের সাবেক আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। ঢাবি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর। আজ আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই দপ্তর।

পরামর্শদান দপ্তরের পরিচালক এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবিন হক বলেন, ‘আত্মহত্যা একটি বৈশ্বিক সমস্যা। করোনাকালে এবং এর পরবর্তী সময় এর প্রকোপ অনেক বেড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। মানসিক অসুস্থতা, মাদকসহ বিভিন্ন ধরনের আসক্তি, পারিবারিক সম্পর্ক দৃঢ় না থাকার ফলে এর ঝুঁকি বাড়ে। আত্মহত্যা প্রতিরোধে আপন মানুষকে, বিশেষ করে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শারীরিক অসুস্থতার মতো মানসিক অসুস্থতার চিকিৎসা প্রয়োজন। এই সেবার জায়গাগুলো সহজ করে দিতে হবে। এসব বিষয়ে আমরা যত কথা বলব, যত জানব, ততই আমরা এখান থেকে বের হয়ে আসতে পারব। আমরা সবাই সচেতন হলে ঘটনাগুলো কমানো সম্ভব।’

শিক্ষার্থীদের মানসিক সাহস জোগানোর ওপর গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিভিন্ন কারণে কিশোর ও তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। যেসব কারণে আত্মহত্যার ঘটনা ঘটে, সেগুলো নিয়ে বিস্তর গবেষণা হওয়া প্রয়োজন। আত্মহত্যা প্রতিরোধে বিষণœতার কারণগুলো নির্ণয় করে শিক্ষার্থীদের মানসিক সাহস জোগাতে হবে। তাদের কাজের মধ্যে সম্পৃক্ত রাখতে হবে, পড়াশোনার পাশাপাশি শিল্প, সংস্কৃতি, খেলাধুলাসহ সহশিক্ষাকার্যক্রমে অংশ নিতে হবে।