ভারতে কারাভোগ করে দেশে ফিরল ১৬ কিশোর-তরুণ

ভারতে তিন বছর কারাভোগের পর ১৬ বাংলাদেশি কিশোর-তরুণ দেশে ফিরে এসেছে। গতকাল রবিবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তারা হলো বুলবুল আহমেদ (১৮), মহসিন শেখ (১৭), আবুল হোসেন (১৬), মাসুম বিল্লাহ (১৫), রেজাউল খান (১৮), শাহজালাল (১৭), হাসান হালদার (১৭), নাজমুল ইসলাম (১৭), মাসুদ তালুকদার (১৮), জুলহাস শেখ (১৮), রাশেদ মোড়ল (১৭), রাশেদুল ইসলাম (১৮), সাইদুজ্জামান (১৬), আবু মুসা (১৫), মিজানুর রহমান (১৭) ও মাহবুল শিকদার (১৭)। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, ভারতে ভালো কাজের সন্ধানে সে দেশের তামিলনাড়ু রাজ্যে যায় এসব কিশোর ও তরুণ। সেখানে বিভিন্ন দোকান ও খাওয়ার হোটেলে কাজ করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে আদালত তাদের তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। সাজার মেয়াদ শেষে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আজ (গতকাল) তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা থেকে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য থানা থেকে গ্রহণ করে।