চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ঘুমের মধ্যে মারা গেছেন বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।
তিনি বলেন, ‘আজকে (গতকাল) দুপুরে সোহান ভাই ঘুমিয়ে ছিলেন। বিকেলে তাকে ডাকতে গেলে দেখা যায় তিনি উঠছেন না। এরপর তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, মঙ্গলবার ওনার স্ত্রী মারা গেছেন। তিনি হয়তো সে শোক নিতে পারেননি। কিছুদিন পরেই চিকিৎসার জন্য ওনার (সোহানুর রহমান সোহান) জাপান যাওয়ার কথা ছিল, কিন্তু আর হলো না।’
এর আগে মঙ্গলবার ব্রেনস্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী।
বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলোÑ কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালোবাসা প্রমুখ।
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। শিবলী সাদিকের সহকারী হিসেবে তিনি তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।