রাশিয়া সফরের শেষ দিনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বৈঠকে কিম পুতিনকে বলেছেন, ‘রাশিয়া তার নিজস্ব অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় (পশ্চিমাদের বিরুদ্ধে) পবিত্র যুদ্ধে লিপ্ত হয়েছে। আমরা সব সময় প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার নেতাদের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাব এবং আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকব।’
রাশিয়ার সুদূর পূর্ব আমুর অঞ্চলের ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে গতকাল বুধবার পুতিন-কিম বৈঠক হয়। রুশ বার্তা সংস্থা তাস জানায়, সেখানে দুই নেতা প্রায় ৫ ঘণ্টা ছিলেন। এ বৈঠকে কিমের মহাকাশ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে স্যাটেলাইট ও নভোচারী প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছেন পুতিন। দুই দেশের সম্পর্ককে ‘কমরেডশিপ’ আখ্যা দিয়ে তা সোভিয়েত যুগের মতো এখনো মজবুত বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
তবে ওয়াশিংটন ও পশ্চিমা সংবাদমাধ্যমগুলো কিমের রাশিয়া সফরে অস্ত্র চুক্তির যে সন্দেহ প্রকাশ করেছিল সে বিষয়ে কোনো ঘোষণা বা চুক্তির খবর প্রকাশিত হয়নি। রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, কিম ও পুতিন অস্ত্রের বিষয়ে আলোচনা করেছেন কি না জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই নেতার মধ্যে ‘সংবেদনশীল’ বিষয়ে আলোচনা হয়েছে তবে সব প্রকাশ করা হবে না।
বুধবার বৈঠকের আগে রাশিয়ান মহাকাশ কেন্দ্রে সমাবেশ ভবনের প্রবেশপথে কিমকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় তারা করমর্দন করেন এবং পুতিন কিমকে বলেন যে, তিনি কিমকে দেখে ‘খুব আনন্দিত’ হয়েছেন। বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুতিন কিমকে বলেন, ‘প্রিয় চেয়ারম্যান, আপনাকে রাশিয়ায় দেখে এবং আতিথেয়তা করতে পেরে আমি খুবই আনন্দিত।’ এ উষ্ণ অভ্যর্থনার জন্য পুতিনকে ধন্যবাদ জানান কিম। তিনি বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদের রাশিয়া সফরে এতো মনোযোগ দিচ্ছেন।’ কিম আরও বলেন, ‘আমি নিশ্চিত আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে থাকব।’