খালি বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধার স্ত্রীর লাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের বাড়ি থেকে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুলতানা সুরাইয়া (৬৫)। গত বৃহস্পতিবার মধ্যরাতে নিজের শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

সুলতানা সুরাইয়া ভূঞাপুর পৌরসভার পশ্চিম ভূঞাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম আকন্দের স্ত্রী।

নিহতের ভাতিজা আব্দুল জলিল আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ‘রাতে ঘরের দরজায় তালা, ভেতরে লাইট ও ফ্যান চলছিল। সন্দেহ হলে ডাকাডাকি করে চাচির কোনো সাড়াশব্দ না পেয়ে কৌশলে ঘরের পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে বিছানায় গলাকাটা মরদেহ দেখতে পাই। পরে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

নিহতের ছেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বার্তা সম্পাদক আবু সায়েম বলেন, ‘আমার মায়ের কোনো প্রকাশ্য শত্রু আছে বলে জানা নেই। আমরা তিন ভাই-বোন কেউই বাড়ি থাকি না। মা একা থাকেন। কী জন্য আমার মাকে হত্যা করেছে, তা বুঝতে পারছি না। আমি খুনিদের বিচার চাই।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ্ বলেন, ‘রাতে নিহতের ছেলে ফোন করে বিষয়টি জানালে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।’