দক্ষিণী অভিনেতা ধানুশসহ একাধিক তামিল অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রযোজকদের সংগঠন টিএফপিসি (তামিল ফিল্ম প্রডিউসার্স কাউন্সিল)। অভিযোগে বলা হয়েছে, ধানুষ, বিশাল রেড্ডি, সিলম্বরাসন এবং অথর্ব একাধিক বার চুক্তিভঙ্গ করেছেন। আর তাই প্রযোজকদের পক্ষ থেকে এই অভিনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধানুশসহ একাধিক অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। যেমন অভিনেতা সিলম্বরাসন ওরফে সিম্বু নাকি একটি ছবির জন্য ৬০ দিন শুটিং করার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি ওই ছবির জন্য মাত্র ২৭ দিন শুটিং করেছেন। এই অভিযোগ জানিয়েছেন ছবির প্রযোজক মাইকেল রায়াপ্পান। বিশাল এক সময় প্রযোজকদের সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন। সেই সময় তিনি নাকি আর্থিক দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে।
তবে প্রযোজকদের অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিনেতাদের মধ্যে ধানুশকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। ‘আতরঙ্গী রে’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনিও নাকি একটি ছবির কাজ সম্পূর্ণ করেননি।
এরকমও শোনা যাচ্ছে যে, অভিযুক্ত অভিনেতারা সমস্যা না মেটালে প্রযোজকরা তাদের সঙ্গে নতুন ছবিতে কাজ করবেন না। অভিনেতাদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।