মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের সাজা বাতিল করে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টসহ (ফোরাম-এশিয়া) ২৭টি মানবাধিকার সংগঠন। গতকাল সোমবার ফোরাম-এশিয়ার পক্ষ থেকে সংগঠনগুলোর দেওয়া যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। যাতে ফোরাম-এশিয়া ও এর ২৬টি সদস্য সংগঠন স্বাক্ষর করেছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী আদিলুর ও নাসিরের প্রতি তারা দৃঢ় সংহতি প্রকাশ করছে। তাদের দোষীসাব্যস্ত করে জেল-জরিমানার যে রায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল দিয়েছে, তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। আদিলুর ও নাসির মানবাধিকার সংগঠন অধিকারের অনুকরণীয় কাজের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিষ্ঠার সঙ্গে নথিভুক্ত করেছেন। এ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে রয়েছেÑ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, গুম এবং নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা। আদিলুর ও নাসির বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় প্রাণপণ কাজ করেছেন। এক দশকের ‘অযৌক্তিক হয়রানির’ পর তাদের সাজার বিষয়টি দেশে, দেশের বাইরের সব মানবাধিকার কর্মীদের প্রতি শীতল বার্তা দিয়েছে। ফোরাম-এশিয়া হলো মূলত এশিয়ার ২৩ দেশের ৮৫টি মানবাধিকার সংগঠনের নেটওয়ার্ক।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলোÑ কম্বোডিয়ান হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এডিএইচওসি); আওয়াজ ফাউন্ডেশন পাকিস্তান : সেন্টার ফর ডেভেলপমেন্ট সার্ভিস (এডব্লিউএজেডসিডিএস); ব্যালে অলটারনেটিভ লিগ্যাল অ্যাডভোকেটস ফর ডেভেলপমেন্ট ইন মিন্দানাও (বিএএলএওডি মিন্দানাও), দ্য ফিলিপিনস; বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (এমএএসউএম), ইন্ডিয়া; বির দুইনো, কিরগিজস্তান; বাইটস ফর অল, পাকিস্তান; সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএইচআরডি), মঙ্গোলিয়া; সিভিল সোসাইটি অ্যান্ড হিউম্যান রাইটস নেটওয়ার্ক (সিএসএইচআরএন), আফগানিস্তান; ডিফেন্স অব হিউম্যান রাইটস (ডিএইচআর), পাকিস্তান; এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া); হিউম্যান রাইটস মেজারমেন্ট ইনিশিয়েটিভ (এইচআরএমআই), নিউজিল্যান্ড; ইন্টারন্যাশনাল লিগ্যাল ইনিশিয়েটিভ পাবলিক ফাউন্ডেশন (আইএলআই ফাউন্ডেশন), কাজাখস্তান; ইনফরমাল সেক্টর সার্ভিস সেন্টার (আইএনএসইসি), নেপাল; কারাপাতান অ্যালায়েন্স ফিলিপিনস (কারাপাতান); কাজাখস্তান ইন্টারন্যাশনাল ব্যুরো ফর হিউম্যান রাইটস অ্যান্ড রুল অব ল (কেআইবিএইচআর); কম্বোডিয়ান লিগ ফর দ্য প্রমোশন অ্যান্ড ডিফেন্স অব হিউম্যান রাইটস (এলআইসিএডিএইচও); মালদ্বিপিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক; ন্যাশনাল সেন্টার অ্যাগেইনস্ট ভায়োলেন্স (এনসিএভি), মঙ্গোলিয়া; ফিলিপিন অ্যালায়েন্স অব হিউম্যান রাইটস অ্যাডভোকেটস (পিএএইচআরএ); পিপলস ওয়াচ, ইন্ডিয়া; ফিলরাইটস; পিপলস সলিডারিটি ফর পার্টিসিপেটরি ডেমোক্রেসি (পিএসপিডি), সাউথ কোরিয়া; পাবলিক অ্যাসোসিয়েশন ‘ডিগনিটি’, কাজাখস্তান; পুসাট কোমাস, মালয়েশিয়া; টাস্কফোর্স ডিটেইনিস অব দ্য ফিলিপিনস (টিএফডিপি), থিংক সেন্টার, সিঙ্গাপুর; ওমেনস রিহ্যাবিলিটেশন সেন্টার (ডব্লিউওআরইসি), নেপাল।