রংপুরে শ্রম আইনে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

বকেয়া পাওনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম আদালতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রম আদালতে মামলাটি করেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অব.) মো. ফারুকুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুরজাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ন্যায্য মজুরি প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘন করে আসামিরা বাদীকে মজুরি, গ্র্যাচুইটি ও অর্জিত ছুটি বাবদ ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা পরিশোধ করেননি। বাদীকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করা হয়েছে। মামলার বাদী ফারুকুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ইউনিট কার্যালয়ের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জানান, সে সময় অবসরোত্তর গ্র্যাচুইটি এবং অর্জিত ছুটি নগদায়ন বাবদ পরিশোধ না করে অবসরে যেতে বাধ্য করা হয় এবং পাওনা পরিশোধ করতে টালবাহানা করতে থাকে।