চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ১০

চট্টগ্রাম নগরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, রোডমার্চ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা চলছিল দলীয় কার্যালয় নাসিমন ভবনের তৃতীয়তলায়। এ সময় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন।

প্রস্তুতি সভা শেষে বিকেল ৫টার দিকে আবার দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলমের ওপর হামলা চালান এনামুল হকের অনুসারীরা। হামলায় তার মাথা ফেটে যায়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ খান বলেন, ‘বহিরাগত ব্যক্তিরা এনামুল হকের নির্দেশে তার ওপর হামলা চালিয়েছেন। দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে ত্যাগী নেতারা বাদ পড়ায় প্রতিবাদ করে আসছেন। এ কারণে আমার ওপর হামলা করা হয়েছে।’

তবে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘হামলার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। মোস্তাকের বিরুদ্ধে আমি ১ কোটি ১৫ লাখ টাকার চেক প্রত্যাখ্যান হওয়ায় মামলা করেছি। এসব কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তিনি।’

সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ৩ অক্টোবর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।