কোটি টাকার স্যান্ডউইচ!

ঝটপট তৈরি করে খাওয়া যায় এমন খাবারের কদর দেশ-বিদেশে প্রায় সব জায়গায়ই। কারণ, কর্মব্যস্ত বহু মানুষ খাবার গ্রহণের জন্য যে সময়টুকু প্রয়োজন তা বাঁচাতে কাজ করতে করতে বা হাঁটতে হাঁটতে আবার কেউবা গাড়ি চালাতে চালাতেই খেয়ে নেন ফাস্টফুড। আর এই ফাস্টফুডের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার স্যান্ডউইচ। দুই টুকরা পাউরুটির মাঝখানের অংশে ডিম, মাংস, শসা, টমেটো, সসসহ নানান কিছু দিয়ে তৈরি করা হয় মজাদার এই খাবার। ঘরেও বানানো যায় আবার দোকানেও তৈরি অবস্থায় পাওয়া যায়।

কিন্তু এই স্যান্ডউইচের নামে যদি আবার অন্য কিছু মেলে তা হলে কেমন দেখায়। এমনই এক স্যান্ডউইচ নিয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। পাউরুটির বদলে কাগুজে নোট দিয়ে বানানো হয়েছে এই স্যান্ডউইচ। তাও আবার দুয়েকটি টাকা দিয়ে নয়, গুনে গুনে ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে। বাংলাদেশি টাকায় যা ৯৫ লাখেরও বেশি। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির হারউইচ শহরে। দেশটির রুরাল এনগেজমেন্ট টিম গত ২৭ জুলাই হারউইচে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। তল্লাশির একপর্যায়ে দলটির সদস্যরা দেখতে পায়, একটি গাড়ির চালক ভুল পথে গাড়ি নিয়ে ছুটছেন তাদের চোখকে ফাঁকি দিতে। দ্রুত পুলিশ গাড়িটি আটকায়। শুরু হয় তল্লাশি। একপর্যায়ে গাড়ির ভেতর একটি ব্যাগ খুঁজে পাওয়া যায়। যাতে ফয়েল পেপার দিয়ে মোড়ানো একটি স্যান্ডউইচ দেখতে পান তারা। স্যান্ডউইচটি দেখে সন্দেহ হয় পুলিশের। তারা ফয়েল পেপার খুলে দেখেন, সেটি আসলে খাওয়ার স্যান্ডউইচ নয়, ভেতরে ৭০ হাজার পাউন্ড সাজানো। পুলিশ ২৮ বছর বয়সী গাড়িচালক মারিয়াস রাকজিনস্কিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করে। পরে গত ৮ সেপ্টেম্বর চেমসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করেন। তাকে ২০ সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন বিচারক।