কোটি টাকার আংটি দিয়ে তৃতীয় বিয়ে সারলেন হাল্ক হোগান

৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন সাবেক মার্কিন রেসলার এবং হলিউড অভিনেতা হাল্ক হোগান। ৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে জুটি বেঁধেছেন ডব্লিউডব্লিউই এর এই তারকা। এটি রেসলারের তৃতীয় বিয়ে।

পিপল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে চার্চে বিয়ে সারেন হাল্ক হোগান ও স্কাই ডেইলি। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হোগানের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক।

বিয়েতে হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডেনা পরেছেন। আর ডেইলি পরেছেন সাদা রঙের চাকচিক্যময় গাউন। স্কাই ডেইলি পেশায় একজন শরীরচর্চার প্রশিক্ষক ও হিসাবরক্ষক।

এর আগে চলতি বছরের জুলাই মাসে তাদের বাগদান হয়। সেসময় হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে ডেইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আংটিটির দাম ছিল প্রায় এক লাখ মার্কিন ডলার অর্থাৎ এক কোটি দশ লাখেরও বেশি টাকা।

১১ বছর সংসারের পর বছর খানেক আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিচ্ছেদ হয় হাল্ক হোগানের। এরপরেই স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান এই রেসলার। হাল্ক হোগানের প্রথম স্ত্রী ছিল লিন্ডা। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৬ বছরের সংসার ছিল তাদের। এই দম্পতির দুই সন্তান রয়েছে। অন্যদিকে হাল্কের মতো স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার নয় বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে।

হাল্ক হোগান রেসলার হিসেবে দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলিয়া। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচিত।