কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নও রয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার নয়নের সমর্থকরা পরে বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সংগঠন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা ছাত্রলীগের সম্মেলনে যোগ দিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে আসছিলেন। কেন্দ্রীয় নেতাদের বরণ করার জন্য আগে থেকেই বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানের নেতৃত্বে একটি পক্ষ এবং সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নের নেতৃত্বে আরেকটি পক্ষ জড়ো হয়।
কেন্দ্রীয় দুই নেতা ওই এলাকায় আসার আগেই দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়। এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও সাবেক পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন ও সদর উপজেলা ছাত্রলীগকর্মী আরিয়ান আহমেদ বিনয় আহত হন।
কাইয়ুম জানান, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুল দিতে গিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজনের হামলার শিকার হন তিনিসহ বেশ কয়েকজন।
তবে হামলার ঘটনা অস্বীকার করে সুমন বলেন, ‘কখন কোথায় হামলা হয়েছে, আমার জানা নেই।’