নব্বইয়ের আদলে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন জোরদার করার জন্য নব্বইয়ের আদলে সরকারবিরোধী দলগুলোর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব ছাত্রসংগঠন মিলে গঠন করা হয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’। গতকাল শুক্রবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ছাত্রসংগঠনগুলো এক প্রতিনিধি সভায় এ নতুন ছাত্র জোটের নাম ঘোষণা করেন

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল। এ সময় তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সার্বজনীন শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ৯ দফার ভিত্তিতে ১৫টি ছাত্রসংগঠন রাজপথে সরকারবিরোধী আন্দোলনে অগ্রভাগে থাকবে।’

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ছাড়া গঠিত ছাত্রঐক্যের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশেদ ইকবাল খান। এ সময় অন্যান্য ছাত্রসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

দলমত নির্বিশেষে সব ছাত্রসংগঠন ও সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ যারা অধিকারবঞ্চিত তারা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ভোটাধিকারবঞ্চিত সব মানুষ এই ফ্যাসিবাদবিরোধী ঐক্যে অংশগ্রহণ করে একটি স্বনির্ভর, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে সেই বাংলাদেশের প্রত্যাশায় আগামী দিনের রাজপথের সংগ্রামে সবাই রাজপথে নেমে আসুন।’

জোটের ১৫টি ছাত্রসংগঠন : জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুৎফর), ছাত্র জমিয়ত বাংলোদেশ, বিপ্লবী ছাত্র সংহতি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

৯ দফা : শিক্ষার মান উন্নয়ন, মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে জাতীয় অনুবাদ সংস্থা গঠন, মেধা ও যোগ্যতার শিক্ষাগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও দখলদারিমুক্ত করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান প্রভৃতির দাবির পাশাপাশি সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রে সংস্কারে সরকারবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ৩১ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সাইবার সিকিউরিটি আইনসহ নিবর্তনমূলক সব কালাকানুন বাতিল ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ ঘোষিত ৯ দফা দাবির মধ্যে রয়েছে।

ফ্যাসিবাদী ছাত্রঐক্যের সমন্বয়ক নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া সব ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।