বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে শোবিজ তারকাদের নিয়ে তিনদিন ব্যাপী আয়োজন করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। দুই বিভাগে এতে অংশ নিয়েছে ৮ টি দল। আজ ফাইনালের মধ্য দিয়ে এ আসরের সমাপ্তি হবার কথা।
আট দলের একটি হচ্ছে ‘অ্যাভেঞ্জারস’, যেটির নেতৃত্ব দিচ্ছেন পরিচালক রায়হান রাফি। দলটির একজন খেলোয়াড় নীল হুরেজাহান, যিনি এই আসরের উপস্থাপকও। খেলা শুরু হওয়ার আগে উপস্থাপকের ভূমিকা পালন করে মুহূর্তেই পোশাক পাল্টে মাঠে নামেন খেলোয়াড় হিসেবে।
নিজেদের প্রথম ম্যাচে বোলিং করতে নেমে নীল এক ওভারে এক্সট্রা ৩ রান দেন এবং তবে স্ট্রাইকে থাকা জেফার রহমানকে কোন রান দেননি। বরং শেষ বলে তাকে আউট করে একটি উইকেট তুলে নেন। এর পরের ম্যাচে খেলতে নামলেও সেটি বয়কট করে ক্রিজ ত্যাগ করেন ‘অ্যাভেঞ্জারস’ দল।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে নীল হুরেজাহান বলেন, ‘তারকাদেরকে নিয়ে ক্রিকেটের বেশ সুন্দর একটা আয়োজন ছিল কিন্তু কিছু কাণ্ডে গতকাল একটু বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এর আগে পর্যন্ত সবকিছু ভালো ছিল এবং উপভোগ্যও। আমি বেশ উপভোগ করেছি। তবে কিছুটা কষ্টও হয়েছে। একইসঙ্গে অনেক কিছু সামলাতে হয়েছে। খেলা শুরুর আগে উপস্থাপনা করা এবং এরপরই আমাদের ম্যাচ থাকায় মুহূর্তেই পোশাক পরিবর্তন করে মাত্র ২ মিনিটে জার্সি পরে ক্রিজে খেলতে নামা আবার ম্যাচ শেষ করে এদিনই আবার অংশ নিতে হয়েছে এয়ারফোর্সের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। সেখানে যাওয়ার জন্য আবার রেডি হই, জার্সি পরিবর্তন করে শাড়ি পরি তারপর অনুষ্ঠানে অংশ নিয়েছি। একইসঙ্গে এত কিছু করতে গিয়ে একটু ধকলই গিয়েছে বলা যায়। তারপরও বেশ উপভোগ করেছি আমি।’
ম্যাচ বয়কট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সেটাকে বয়কট করি। কারণ, আমাদের বিপরীতে যে দল ছিলেন তাদের দলে চার জন বাইরের লোক ছিলেন যাদেরকে আমরা কেউ চিনিনা। বাইরের লোক নিয়ে খেলতে নামায় আমাদের দল ম্যাচ বয়কট করে।
এই আসরে ‘অ্যাভেঞ্জারস’ দলের হয়ে খেলছেন আফরান নিশো, তমা মির্জা, সাদাত হোসাইন, নীল হুরেজাহান, তানজিয়া জামান মিথিলা প্রমুখরা।