কানাডার কূটনীতিকদের দেশে ফেরার সময় বেঁধে দিল ভারত

আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডাকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলেছে ভারত। গতকাল মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সময়ের পর যারা ভারতে থাকবেন, তাদের যে বিশেষ সুবিধাগুলো দেওয়া হয়, সেটি রদ করার হুমকি দিয়েছে নয়াদিল্লি।

সংবাদমাধ্যমটি বলছে, গত জুন মাসে শিখ ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে সন্দেহ কানাডার। নিজ্জরকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে ভারত। নিজ্জর হত্যায় ভারত দায়ী; কানাডার এ সন্দেহের জেরে ভারত ও কানাডার সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। তবে কানাডার অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ভারত।

দ্য ফিনান্সিয়াল টাইমসের বরাতে রয়টার্স জানিয়েছে, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন এবং ভারত জানিয়েছে সংখ্যাটি কমিয়ে ২১ জনে নামিয়ে আনতে। ১০ অক্টোবরের পর যারা ভারতে থাকবেন, তাদের যে বিশেষ সুবিধাগুলো দেওয়া হয়, সেটি রদ করার হুমকি দিয়েছে নয়াদিল্লি।

যদিও এ বিষয়ে ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

এর আগেই অবশ্য দুই দেশই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, এর আগে কানাডায় ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে ‘সহিংস’ এবং ‘ভীতিকর পরিবেশ’ ছিল। যেখানে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।