সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে সাতজনের, আর ঢাকার বাইরে নয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫৬৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৪৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৪৫ এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জন, ফেব্রুয়ারিতে দুইজনের মৃত্যু হয়। এরপর মার্চে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুইজন করে মারা যায়। জুন মাসে ডেঙ্গুতে ৩৪, জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২ এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন ডেঙ্গুতে মারা যায়।