রাজনৈতিক সমঝোতা না হলে যারা নির্বাচনে আসবে তাদের নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ কমিশনের নয়। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার।’
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কমিশনার রাশেদা এসব কথা বলেন।
নির্বাচনের বিষয়ে কমিশন নিষ্ঠাবান জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা একটা ভালো নির্বাচন করব। এটা বিশ্বাস করা না করা তাদের (নির্বাচনে যারা অংশগ্রহণ করবে না) ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কখন এবং কীভাবে সংলাপ করব তখন দেখা যাবে।’
এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল আসবে, তবে আমাদের সঙ্গে আলোচনায় বসবে কি না এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তারা বেশি পরিমাণে পর্যবেক্ষক পাঠাতে পারে, আমরা এটাকে আমন্ত্রণ জানাব।’
বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে কি না এমন প্রশ্নে এই কমিশনার বলেন, ‘কেউ যদি পর্যবেক্ষক না পাঠায়, তাহলে আমাদের দেশে কী পর্যবেক্ষক নেই। আমাদের কী জনগণ নেই? আমাদের বড় পর্যবেক্ষক আমাদের জনগণ। আমাদের মিডিয়া আছে, মিডিয়াও গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।’