জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লিও ক্লাবের উদ্যোগে 'ক্যাম্পাস আমার আমিই করবো পরিষ্কার' প্রতিপাদ্য নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ ছাড়াও স্থায়ী সমাধান হিসেবে সংগঠনের পক্ষ থেকে পাঁচটি ডাস্টবিন স্থাপন করা হয়।
লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের সদস্যরা জানান, শহীদ মিনার প্রাঙ্গণ ও ছবি চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত সড়কের দুপাশও পরিষ্কার করেন তারা। আর ক্যাম্পাস সবসময় পরিষ্কার রাখতে শহীদ মিনারে তিনটি ও ছবি চত্বরে দুটি ডাস্টবিন বসানো হয়েছে। এগুলো স্পন্সর করেছে লায়ন্স ক্লাব অব সাভার (ঢাকা)।
পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে লিও ক্লাবের শিক্ষক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী, উপদেষ্টা লায়ন সারওয়ার হোসেন আসিফ, জোন চেয়ারপার্সন লায়ন গাজী হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বৃষ্টি বলেন, লিও ক্লাব মূলত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটা প্রজেক্ট। লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কাজে লিও ক্লাবগুলো ভলান্টিয়ার হিসেবে কাজ করে।এই কাজের অংশ হিসেবেই আমাদের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও সবসময় বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হয় না। তবে আমরা শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে চেষ্টা করলে সেটি অবশ্য সম্ভব। শিক্ষার্থী এবং বহিরাগতরা ডাস্টবিনের যথাযথ ব্যবহার করলে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান সফল হয়ে উঠবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এর আশে পাশের এলাকাগুলোতে এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখবো।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মাহমুদ বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের, এখানে আমরা বিচরণ করি, তাই ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।