দেশ লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে : ফখরুল

বাংলাদেশ লুটেরাদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ছোটকালে মায়েরা ঘুমাতে নিয়ে একটা গান গাইতÑ ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে...। এরা হলো (আওয়ামী লীগ) সেই বর্গি। তারা আসবে, লুট করে চলে যাবে।’

গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

বাংলাদেশ গণঅধিকার পরিষদ ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট : শহীদ আবরার ফাহাদের প্রেরণা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আর কথা নয়, কথা একটাই। কাল বিলম্ব না করে আসুন সবাই; দলমত-নির্বিশেষে বাম-ডান, উত্তর-দক্ষিণ বুঝি না, যারা দেশকে ভালোবাসেন, তারা সবাই জেগে উঠুন, ঐক্যবদ্ধ হোন। এই ভয়াবহ দানব থেকে দেশকে রক্ষা করুন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন পড়াশোনা করা মানুষ তার মধ্যে তিনি একজন। তাই জানতাম। ইউরেনিয়াম কী জিনিস তাই জানেন না। এটার জন্য তো বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় না। সরকারগুলোতে তোষামোদি এমন পর্যায়ে চলে যায় তা হাস্যরসে পরিণত হয়।’ তিনি বলেন, ‘আমাদের এক নেতা দেশের বাইরে থাকেন। তিনি বললেন, এই ধরনের কথা (ওবায়দুল কাদেরের বক্তব্য) কিন্তু প্রতিবাদ করতে যাবেন না। কেন? কারণ এটা তো আমাদের জন্য বিনোদনের ব্যাপার হয়ে গেছে, এটা আমাদের জন্য এন্টারটেইনমেন্ট।’

ফখরুল বলেন, ‘রূপপুরে পারমাণবিক পাওয়ার প্ল্যান্টে যে খরচ হয়েছে তার থেকে চার গুণ বেশি পয়সা দিয়ে রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা হয়েছে। কারণ কী? কারণ ভাগাভাগি। পদ্মা সেতু করেছে, সেখানেও চার গুণ বেশি পয়সা দিয়ে করা হয়েছে। আজকে সেতুর ওপর রেললাইন উদ্বোধন হয়েছে। কত টাকায় এটা করেছেন বলেন। এগুলো বললে ওদের মাথা খারাপ হয়ে যায়। পত্রিকাগুলো খুলে দেখুন অর্থনীতির সূচকগুলো নামতে শুরু করেছে নিচের দিকে। রেমিট্যান্স কমে যাচ্ছে, গার্মেন্টস রপ্তানি, বৈদেশিক টাকা আসছে না। আর কয়েক মাস পরে আমদানির জন্য যে টাকা রিজার্ভে দরকার, সেই টাকাও থাকবে না। আওয়ামী ঘরোনার বড় বড় অর্থনীতিবিদ বলতে শুরু করেছেন ভয়ংকর অবস্থার কথা।’

বিগত নির্বাচনের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন যখন সামনে আসছে, তখন একই কায়দায় আবার বলতে শুরু করেছেন, “আমার অধীনে নির্বাচন হবে। ওটাই সংবিধান।” সংবিধানে তো কাটাছেঁড়া করে কিছুই রাখেন নাই। আর আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে দেশটা তাদের পৈতৃক সম্পত্তি। এটাকে তারা যেমন ইচ্ছা, তেমনভাবে ভোগ করবে।’

বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় এবি (আমার বাংলাদেশ) পার্টির চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরী, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।