ফি না দেওয়ায় শিক্ষকের থাপ্পড়, ছাত্রের আত্মহত্যা!

পটুয়াখালীর দশমিনায় নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফি পরিশোধ না করায় প্রধান শিক্ষকের থাপ্পড় ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থী অভিমানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। ওই শিক্ষার্থীর নাম তন্ময় চক্রবর্তী (১৫)। গত সোমবার দুপুরে উপজেলার আরজবেগী এসএ মাধ্যমিক বিদ্যালয় ভবনেই বিষাক্ত ওষুধ খাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

মৃত তন্ময় ওই বিদ্যালয়েরই সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত গোপাল চন্দ্র চক্রবর্তীর ছেলে। তার মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও মৃত তন্ময়ের পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন দশম শ্রেণির তথ্য ও প্রযুক্তি পরীক্ষা দিতে যথাসময়ে পরীক্ষা কক্ষে উপস্থিত হয় শিক্ষার্থী তন্ময়। এ সময় কক্ষ পরিদর্শক শিক্ষক মরিয়ম বেগম জানান, ফি বকেয়া থাকায় পরীক্ষা দিতে পারবে না তন্ময়। প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে পরীক্ষা দিতে হবে। পরে তন্ময় প্রধান শিক্ষক কাওসার হোসেনের সঙ্গে দেখা করলে, তিনি ফি প্রদান ছাড়া পরীক্ষা দিতে পারবে না বলে জানিয়ে দেন। বাসায় গিয়ে মায়ের কাছে টাকা না পেয়ে ফের প্রধান শিক্ষকের কাছে পরীক্ষা দেওয়ার অনুমতি চায়। এ সময় প্রধান শিক্ষক কাওসার হোসেন সহপাঠীদের সামনে তন্ময়কে ‘নেশাখোর’ আখ্যা দিয়ে থাপ্পড় মারেন।

প্রধান শিক্ষকের এমন আচরণে অভিমানে তন্ময় বিদ্যালয় ভবনে বসে অনেকগুলো বিষাক্ত ওষুধ (মাছ মারা ও ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট) খায়। ওষুধের প্রতিক্রিয়া শুরু হলে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তার টেবিলের ওপর বমি করে দেয়। তখন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত অবস্থায় ওইদিন বিকেল ৫টায় মৃত্যু হয় তন্ময়ের।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কাওসার হোসেন বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তন্ময়ের মৃত্যু হয়। পরীক্ষার ফির জন্য গালমন্দ কিংবা মারধর করা হয়নি।’

তবে তন্ময়ের মৃত্যুর জন্য প্রধান শিক্ষক কাওসার হোসেনকে দায়ী করে তার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে আরজবেগী এসএ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন দশমিনা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক গাজী সাইদুর রহমান, মো. সবুজ, এসহাক প্রমুখ।