অক্টোবরের প্রথমার্ধে মৃত্যু ১১০০ ছাড়াল ২৪ ঘণ্টায় ১৩ জন

দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩ জন মারা গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে ঢাকায় ও বাকি ৪ জনের ঢাকার বাইরে। এ নিয়ে এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০৯ জনে। এর আগে দেশে কখনই মৃত্যু ৩০০-এর ঘর পেরোয়নি। সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত বছর ২৮১ জনের। সে তুলনায় এবার মৃত্যু চারগুণ বেশি। অথচ বছরের এখনো বাকি প্রায় তিন মাস।

মৃত্যুর পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৫৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩৮ জন, যা মোট ভর্তির ৭৬ শতাংশ। বাকি ৬১৭ জন বা ২৪ শতাংশ ভর্তি হয়েছে ঢাকার বাইরে।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জনে। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন, যা মোট রোগীর ৬১ শতাংশ। বাকি ৩৯ শতাংশ বা ৮৯ হাজার ৪৬০ জন ঢাকার। এর আগে সর্বোচ্চ রোগী ছিল ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। সে অনুপাতে এখনো বছরের প্রায় তিন মাস বাকি থাকতেই রোগী দ্বিগুণে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৬০২ জন রোগী। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৬৮৩ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৯ জন।

এর আগে দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা যায় গত বছর ২৮১ জন। সে বছর রোগীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। অর্থাৎ রোগী অনুপাতে মৃত্যুর হার ছিল শূন্য দশমিক ৪৫ শতাংশ। এ বছর দ্বিগুণ বেশি মারা গেছে। মৃত্যুর হার শূন্য দশমিক ৪৮ শতাংশ।