দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৩ জন। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছে আরও ১৩ জন। চলতি বছর সব মিলিয়ে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ২০৪ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৮ জনের।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
তাদের তথ্যমতে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৪৭৮ জন ঢাকার এবং ১ হাজার ১৯৫ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। মৃতদের মধ্যে আটজন ঢাকার এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় পাঁচজন।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৪৮। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ৫৩৮ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭১০ জন। এ বছর সারা দেশে যত রোগী ভর্তি হয়েছে, তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ৯১ হাজার ৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৪৪ হাজার ১৯৬ জন। ঢাকা শহরের চেয়ে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৫৩ হাজার বেশি।
এর আগে বৃহস্পতিবারের সর্বশেষ হিসাবে ঢাকা শহরের হাসপাতালগুলোতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৯১। গত বুধবার এই সংখ্যা ছিল ৫৭৯। তার আগের দিন রোগী ভর্তি হয়েছিল ৬১৭ জন। এভাবে প্রায় প্রতিদিনই ঢাকা শহরের হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা কমছে।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছিল ২৮১ জনের। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুন মাসে ৫ হাজার ৯৫৬, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬, আগস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর অক্টোবরের প্রথম ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৭৯৮ জন।
ডেঙ্গুতে চলতি বছরের জানুয়ারি মাসে ছয়জনের মৃত্যু হয়েছিল। এরপর ফেব্রুয়ারিতে মারা যায় তিনজন। মার্চে কারও মৃত্যু হয়নি। এরপর এপ্রিলে দুজন, মে মাসে দুজন, জুনে ৩৪, জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২ এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়। অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১৫৯ জনের মৃত্যু হয়েছে।