বিএসএমএমইউর গবেষণা

ভর্তি রোগীদের অর্ধেকেরই মানসিক সমস্যা আছে

বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীরা কোনো না কোনো ধরনের মানসিক রোগে ভুগছেন। এমন তথ্য উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায়।

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি ৩৪৭ জনের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ১৬৮ জন বা ৪৮ দশমিক ৪ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। তাদের মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ২ শতাংশ নারী। বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ গবেষণাটি পরিচালনা করে।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহাজাবিন মোর্শেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এ গবেষণার মাধ্যমে রোগী ও রোগীর চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা সচেতন হবেন। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সেবার মান আরও বাড়ানোর জন্য প্রয়োজন অনুযায়ী দ্রুত অন্য বিভাগের চিকিৎসার জন্য রেফারেল দেবেন। রেফারেলকৃত রোগীরা যাতে দ্রুত সেবা পান সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। ভালো থাকার জন্য দিন শেষে সবাই একটু হাসুন, অপরের হৃদয়ের সহানুভূতি নিজের হৃদয় দিয়ে বুঝে পরিবারের সদস্যসহ সবার সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলুন। মানসিক সুস্থতা ছাড়া শারীরিক সুস্থতা সম্ভব না।

গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের মানসিক রোগে ভোগা রোগীদের মধ্যে ৩৩ দশমিক ৩ শতাংশের বয়স ৫১-৬৫ বছর এবং ১৯ শতাংশের বয়স ৩১-৪০ বছর। রোগীদের মধ্যে ১৭ দশমিক ৩ শতাংশ বিভিন্ন রকম মানসিক রোগের ওষুধ সেবন করছেন। মেডিসিন ও সার্জারি অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের মধ্যে যথাক্রমে ৫৫ দশমিক ৩ শতাংশ এবং ৩৯ দশমিক ৩ শতাংশ রোগীর বিভিন্ন ধরনের মানসিক সমস্যা রয়েছে।

গবেষণায় অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর প্রায় অর্ধেক, অর্থাৎ ৪৮ দশমিক ৪ শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। এদের মধ্যে ২ শতাংশ রোগীকে মানসিক চিকিৎসার জন্য অন্য বিভাগ থেকে মনোরোগবিদ্যা বিভাগে পাঠানো হয়, ৮ শতাংশ রোগী তাদের রোগ সম্পর্কে জানেন এবং ১৭ শতাংশ রোগী বিভিন্ন ধরনের মানসিক রোগের ওষুধ খেয়ে আসছেন। মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের ৬৫ শতাংশের মধ্যে মানসিক রোগ শনাক্ত করা গেছে।