বন্দরনগরী চট্টগ্রাম থেকে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। যার নাম প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। নতুন এই দলের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন। মহাসচিব হিসেবে থাকছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিন। আজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এই দলের বেশিরভাগই বিএনপির ‘পদবঞ্চিত’ সাবেক নেতাকর্মীরা বলে দাবি নাজিম উদ্দিনের।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন, ‘মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে। কিছুদিন আগে একজন ভিপি নতুন রাজনৈতিক দল করার পর লোকজন একটু আশান্বিত ছিলেন। কিন্তু নানা কারণে বিতর্কিত হওয়ায় লোকজন এখন নতুন দল খুঁজছেন। তাই সাবেক ছাত্রনেতাসহ পরিচ্ছন্ন রাজনীতিবিদদের নিয়ে নতুন দল ঘোষণা করা হচ্ছে।’
দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকায় জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবেন জানতে চাইলে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘আমরা নিবন্ধন নিতে চেষ্টা করব। তবে তা না হলে যেকোনো একটি জোটকে সমর্থন জানাব।’
আওয়ামী লীগ বা বিএনপির নেতৃত্বাধীন কোনো জোটকে সমর্থন জানাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সময়ই বলে দেবে কাকে সমর্থন করব। নিবন্ধন পেলে ৩০০ আসনে প্রার্থী দেব।’
প্রাথমিকভাবে চট্টগ্রামে সংবাদ সম্মেলনের পর ঢাকায় সম্মেলন হবে নবগঠিত দলটির। সেখানে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে। কমিটির বেশির ভাগ সদস্য বিএনপির সাবেক নেতাকর্মী জানিয়ে নাজিম উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিন রয়েছেন তার নতুন রাজনৈতিক দলে। এ ছাড়া বেশ কিছু চমক রয়েছে বলে জানান তিনি।
১৯৯০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয় ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজয়ী হন। পরে নাজিম বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি ছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে তাকে কোনো পদে রাখা হয়নি। পদে না থাকলেও দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে গত ছয় মাস তাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি।