বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের তৎপরতা, পরামর্শ, মন্তব্য এবং আগ্রহের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমরা বিদেশিদের কাছে যাই না, তারা আমাদের কাছে আসে। তারা আসে, তারা অনুরোধ করে।’
মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের পরামর্শ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবসময় আমরা সংলাপ করে যাচ্ছি বিভিন্ন দলের সঙ্গে। আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারাও সংলাপ করুক, তারা যদি চায়। আমরা একটা স্বাধীন কমিশন তৈরি করেছি, যেটা তারা বলেছে। সুতরাং এটার সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই।’ গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন এসব কথা বলেন। পর্যবেক্ষক প্রশ্নে তিনি বলেন, ‘পর্যবেক্ষক দরকার নেই, মানুষ ভোট দিলেই হবে।’
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে অর্থবহ সংলাপসহ পাঁচটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন, আমেরিকার কত লোক আসছে আমাদের কাছে। আমেরিকায় যাওয়ার পর আমরা তাদের কাছে যাইনি। তারা আমাদের মিশনে এসে দেখা করেছে। আমরা যাই না। আমরা তাদের হাউজে যাই না। তারা এসেছে আমাদের দপ্তরে।’
পরামর্শের বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘তারা একটি ফরমায়েশি বিবৃতি দিয়েছে। ভালো, এটি তাদের মতামত। আমরা মনে করি না এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এটি নিয়ে এত হইচই করার কোনো কারণ নেই। তারা যে কারণে এসেছিলেন, সেটি তারা বলেননি। আরও কিছু মাতবরি করে গেছেন।’ তিনি বলেন, ‘আমরা চাই, সব লোক ভোট দিক; সবাই অংশগ্রহণ করুক।’
আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় পর্যবেক্ষক দলের কোনো ভূমিকা নেই। তারপরও দেশটির লোকজন এসে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষণের কথা বললে, সেটি দুঃখজনক। দুনিয়ার বেশিরভাগ দেশে নির্বাচনে পর্যবেক্ষণ নেই। কিন্তু সে দেশগুলো ভালো চলছে।’
বিদেশিদের বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের লোকেরা এসে সাক্ষাৎ করছেন দ্বিপক্ষীয় আলোচনার জন্য। সেই ফাঁকে কেউ কেউ নির্বাচনের কথা বলে। আর এটা আপনাদের হট টপিক। তারা খুব মজা পান, বাংলাদেশের মিডিয়া তাদের পাত্তা দেয়। এজন্য তারা উপভোগ করে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকে কথা বলে মজা পায়। এটা একটা খেলা। বিদেশিরা এটা নিয়ে খুব মজা পায়। অন্য দেশে কেউ তো পাত্তা দেয় না। আর আপনারাও মজার মধ্যে তাদের উসকানি দেন। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’
নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছোট পর্যবেক্ষক দল পাঠানোর প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘তারা ছোট দল পাঠাবে। তারা বলছে, ওই ছোট দলের খরচ আমরা দেব। আমরা এটাতে খুব আগ্রহী না। আমরা এখনো কোনো উত্তর দিইনি। গতকাল চিঠিটা আসছে।’
পর্যবেক্ষক বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষকের দরকার নেই। আমাদের দরকার ভোটার। মানুষ ভোট দিলে ওটাই আমাদের জন্য যথেষ্ট। বিদেশি কে এলো, আমরা বিদেশিদের ওপর নির্ভরশীল নই।’
ফিলিস্তিন ইস্যুতে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে থাকা সৌদি আরবের আমন্ত্রণে ওই সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ। ১৮ অক্টোবর অনুষ্ঠেয় ওআইসির বিশেষ জরুরি সভায় ঢাকা যোগ দেবে।