প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও এবার নিজেদের মতো করে নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শেখ হাসিনা চাইলেন, বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন। সেটা এবার হবে না। ২০১৪ ও ২০১৮ সালে যেটা করতে পেরেছেন ২০২৪ সালে সেই নির্বাচন আপনি করতে পারবেন না। কারণ এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে করে সেটা সম্ভব হবে না।’
গতকাল রবিবার দুপুরে গুলশানে লেকশোর হোটেলে বিএনপির উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।
গত শনিবার ঢাকার কাওলায় আওয়ামী লীগের সুধী সমাবেশে ‘যেভাবেই হোক এ দেশে নির্বাচন হবেই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কাল বলে দিয়েছেন তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই। অর্থাৎ মার্কিনিরা, ইউরোপীয় ইউনিয়ন, আমরা রাজনৈতিক দলগুলো যাই বলি, তার ওই সোনার হরিণ চাই। অর্থাৎ ক্ষমতায় কাউকে যেতে দেব না। টোটাল সংকটটা ওই জায়গায়।’
বিএনপি একা নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো তথা পশ্চিমা বিশ্ব কমিটেড টু ডেমোক্রেসি (গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ)। এটার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। সেই কমিটমেন্ট আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, আমরা যারা লড়াই-সংগ্রাম করছি, সেটাও সামনে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কী হতে যাচ্ছে আগামী দিনগুলোতে। হাতে খুব বেশি সময় নেই, দুই মাস সময়। দুই মাসের মধ্যে লড়াই একটা চূড়ান্ত জায়গায় যেতে হবে।
পূজার পরে বৃহত্তর আন্দোলন, এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এমন আন্দোলন যাতে সরকার পড়ে যেতে পারে। আমরা কি জানি সেই বৃহৎ আন্দোলনটা কী? ইজ ইট বিগার দ্যান শ্রীলঙ্কা, ইজ ইট বিগার দ্যান মিয়ানমার, ইজ ইট বিগার দেন দিল্লি রিজনস।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
সেমিনারে সম্পাদিত গ্রন্থ ‘নো কমেন্ট’-এর মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব। গ্রন্থটি সম্পাদনা করেছেন আলোকচিত্রী সাংবাদিক বাবুল তালুকদার। ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন লেখকের লেখা নিয়ে প্রকাশিত গ্রন্থটি প্রকাশ করেছে কলি প্রকাশনী।