আফরিন-নাগরিক সমাজ বৈঠক

নির্বাচনকালীন সরকারের প্রক্রিয়া নিয়ে আলোচনা

নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এ মতবিনিময় হয়।

এতে যোগ দিয়েছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দীন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং চাকমা সার্কেলের রানী য়েন য়েন।

বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ সমসাময়িক নানা বিষয়ে নাগরিক সমাজের মত জানতে চেয়েছেন। এ বিষয়ে নাগরিক সমাজের একজন প্রতিনিধি গণমাধ্যমকে জানান, নির্বাচনকালীন সরকারের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আমন্ত্রিতদের প্রায় সবাই জানান, বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক কোনো গণতান্ত্রিক ফল আশা করা উচিত হবে না। নাগরিক সমাজ রাজনৈতিক সংলাপসহ নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে তারা দেশের বিগত নির্বাচন নিয়েও কথা বলেন।

আফরিন আক্তার অতিথিদের জানান, যুক্তরাষ্ট্রও চায় জনগণ ভোট দিক। অবশ্যই যেন ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার যথাযথ সুযোগ থাকে।

নাগরিক সমাজের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়টি সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সেখানে কয়েক ছবি সংবলিত ভিডিও পোস্ট করে উল্লেখ করা হয়, ‘যখন একটি প্রাণবন্ত নাগরিক সমাজ সমৃদ্ধ এবং সুরক্ষিত হয় তখন সরকার আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কাজ করে। নাগরিক সমাজ চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা আপনাদের প্রচেষ্টাকে স্বাগত জানাই।’