সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতা করলে পরিবেশ এক রকমের হবে, না করলে অন্যরকম হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এ কথা বলেন।
ইসি আনিছুর রহমান বলেন, রাজনৈতিক পরিস্থিতি কী হবে না হবে, আমরা কিছুই বলতে পারছি না। তবে আমরা আশা করি একটি ভালো পরিস্থিতি হবে। নির্বাচনে ভোটার উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতা করলে পরিবেশ এক রকমের হবে, না করলে অন্যরকম হবে। রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না। ভোটের পরিবেশ ও বড় দুটি দলের সমাবেশ প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ‘আমরা কেন পুরো দেশবাসী চাই সমঝোতা বা একটা প্রক্রিয়ার মধ্যে এলে ভালো। কেউই আশঙ্কার মধ্যে থাকতে চায় না। আমরা আশা করি একটা রাজনৈতিক সমঝোতা হবে, এটা দেশ ও জাতির জন্য ভালো। তবে আমাদের কাজ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কোনো কিছুতেই ঘাটতি নেই। শুধু একটা বিষয়ের সমাধান যদি হয় তবে আমরা শঙ্কা ছাড়া এগিয়ে যেতে পারব।’ ভোটারদের নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি কখন কী হবে এখন তো বলতে পারছি না। আমরা চাই রাজনৈতিক পরিস্থিতি একটা সমঝোতার প্রক্রিয়ার মধ্যে যাক। আমরা পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। নির্বাচনে ভালো পরিবেশ সৃষ্টির জন্য আমাদের দায়িত্ব যেমন আছে, রাজনৈতিক দলগুলোরও আছে। কারণ রাজনৈতিকদলগুলো ভোটের মাঠে থাকবে জনগণের কথা চিন্তা করে।