দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৮ জনের আর ঢাকার বাইরে ৪ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪২৪ এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৪ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ২ হাজার ৩৫৮ এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬৪৫ জন ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৯৪ হাজার ৬১৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৪১ হাজার ৮৭২ জন। এর মধ্যে ঢাকায় ৯১ হাজার ৫০৩ এবং ঢাকার বাইরে ১ লাখ ৫০ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুজনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়। জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। মৃত্যু হয় ৩৪ জনের। জুলাইয়ে প্রাণ হারায় ২০৪ জন। আগস্টে ৩৪২, সেপ্টেম্বরে ৩৯৬ জন মারা গেছে।