বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছরেও আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন আজ ধুলোয় মিশে গেছে। মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এ জন্য আমাদের আজ লড়াই করতে হচ্ছে। বিএনপি শুধু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তা নয়, আমরা অন্যান্য ধর্মের অধিকারও রক্ষা করি।’ গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ^রী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়। কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে হিন্দু-বৌদ্ধ-মুসলিম সবাই একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছিল। আমাদের একটিই লক্ষ্য ছিল ধর্ম-বর্ণনির্বিশেষে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ করা।’ তিনি বলেন, ‘আমরাই প্রথম সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সময় মন্দিরের জমি উদ্ধারের উদ্যোগ নিই। দুর্ভাগ্যজনকভাবে দেশে সংখ্যালঘুদের ওপর অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় যারা জড়িত তারা সবাই সরকারি দলের সঙ্গে জড়িত। সরকার চাইলে পূজা শান্তিপূর্ণ হবে নচেত নয়। এ কথা বলেছেন রানা দাশগুপ্ত।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এ দেশে ধর্ম নিয়ে যাতে কোনো বাড়াবাড়ি না হয়। যাতে কোনো সংঘাত ও সাম্প্রদায়িকতা সৃষ্টি না হয়। আমরা বিশ্বাস করি, দেশে গণতন্ত্র থাকলে সবারই অধিকার পাওয়ার সুযোগ থাকে। আমরা সেই গণতন্ত্রের জন্য লড়াই করছি।’
এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আব্দুস সালাম, রমেশ চন্দ্র সেন, তরুণ দে, জয়দেব জয়, মিল্টন বৈদ্য, অমলেন্দু দাস অপু, অপূর্ব হালদার অপু, মৃণাল বৈদ্য, মহানগর সার্বজনীন পূজা কমিটির মনিন্দ্র কুমার নাথ প্রমুখ।
ডিএমপিতে আবেদন : গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, কীভাবে বিএনপির কর্মসূচিকে নিষ্ঠুরভাবে দমন করা যায়, সে জন্যই বৈঠক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকাসহ সারা দেশ থেকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের হিড়িক থামছে না, আরও জোরদার করা হয়েছে।’
১৮ অক্টোবরের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।