নওয়াজ শরিফ চার বছর পর পাকিস্তানে

টানা চার বছর যুক্তরাজ্যে স্বেচ্ছানির্বাসন শেষে পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শনিবার দুপুরে তাকে বহনকারী উড়োজাহাজটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নওয়াজকে বরণ করে নিতে ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত হন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা। তার আগমনের খুশিতে স্লোগান দিতে থাকেন পিএমএল-এন নেতা ও কর্মীরা।

সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতারের বরাতে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন ও জিও টিভি জানিয়েছে, নওয়াজের আগমনের পর রাজনৈতিক এবং আইনি বিষয়ে পরামর্শ করা হবে।

এদিকে পিএমএল-এন দলের নেতা ইসহাক দার জানিয়েছেন, জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য নওয়াজ শরিফ আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে আয়োজিত সমাবেশে পৌঁছাবেন। ইতিমধ্যেই পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে কাফেলা আকারে লাহোরের মিনার-ই-পাকিস্তানে জড়ো হচ্ছেন তার দলের কর্মী-সমর্থকরা। সমাবেশে একত্র হয়ে তাদের নেতাকে অভ্যর্থনা জানাবেন তারা।

এর আগে দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে ফিরে আসার পর ‘সব ধরনের পরিস্থিতির’ মোকাবিলা করবেন বলে জানিয়েছিলেন নওয়াজ শরিফ। এ ছাড়া দেশে ফিরতে পেরে অনেক খুশি বলেও জানান তিনি।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজকে অনেক আইনি ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। এরপর তিনি আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আইন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

যদিও পর্যবেক্ষকরা বলছেন, লাহোরের পরিবর্তে ইসলামাবাদে নওয়াজের অবতরণের কারণ হলো জামিনের জন্য রাজধানীতে তার উপস্থিতি প্রয়োজন ছিল। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামাবাদ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।