রাবিতে ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে চারটি আবাসিক হলের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণাকারী নেতারা ককটেল বিস্ফোরণ করেছেন।

আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে শোডাউন দেওয়ার সময় কমিটিতে পদবঞ্চিতরা ককটেল বিস্ফোরণ করেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ, সৈয়দ আমীর আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মতিহার হলের সামনে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

কমিটিতে পদবঞ্চিত আন্দোলনরত একাধিক নেতা বিষয়টি স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, নতুন যে বিতর্কিত নেতৃত্ব এসেছে এই কমিটি আমরা মানি না। এমনকি নতুন যে বিতর্কিত নেতৃত্ব এসেছে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই আমাদের অবস্থান জানান দিতে আমরা আমাদের মতো কাজ করছি। আমাদের একটাই চাওয়া যে, দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপের মাধ্যমে এই কমিটি বিলুপ্ত করে ক্লিন ইমেজধারী নেতাদের নেতৃত্ব নিয়ে আসবেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, তিনি কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে সেটা শিশুদের খেলনা পটকার মতো কিছু একটা হবে।