রাবি ভর্তি পরীক্ষায় এআই ব্যবহারের অভিযোগে আটক ১

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষা চলাকালে জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। 

আটক শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তিনি ড. সাহা চঞ্চল কুমারের সন্তান। বর্তমানে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে শুরু হওয়া 'সি' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষাকালে এক পরীক্ষার্থীর অস্বাভাবিক আচরণ নজরে আসে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষকের। পরে কাছে গিয়ে দেখা যায়, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের একাধিক ছবি তুলেছেন। আরও তদন্তে জানা যায়, তিনি 'ডিপসিক' এআই অ্যাপ ব্যবহার করে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর দপ্তরে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকার করে বলেন, তিনি ডিপসিক এআই অ্যাপ দিয়ে উত্তর খুঁজছিলেন, যদিও তা লিখতে পারেননি। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, 'প্রথম শিফটের পরীক্ষা চলাকালে জগদীশ চন্দ্র বসু ভবনের একটি কেন্দ্রে এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও এয়ারপডসহ আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞের প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের ছবি তোলার আলামত পাওয়া গেছে। ছবিটি কোথাও পাঠানোর প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই ছবি ব্যবহার করে ডিপসিক নামক এআইয়ের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন তিনি।'

 চলতি বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালসহ একযোগে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় 'সি' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিকেল ৩টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত