অতিরিক্ত আইজিপি ও ডিআইজির পদ পাচ্ছেন ২৩ জন

অবশেষে পুলিশের পদোন্নতির জট খুলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদের সংখ্যা আরও বাড়াতে চিঠির জবাব মিলেছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদ মর্যাদার আরও ২৩ জনকে পদোন্নতি দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপির পদ ৮টি ও ডিআইজির পদ ১৫টি। এ নিয়ে ৩৬৫টি পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশের চাহিদা ছিল ৫২৯টি। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে কারা পদোন্নতি পাবেন তা চূড়ান্ত করা হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।  

জানা গেছে, পুলিশে সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদোন্নতিতে অতিরিক্ত মহাপরিদর্শক, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতির জন্য ৫২৯টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করতে পুলিশ আবেদন করেছিল পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসনে আবেদনের পর তারা ৩৪২টি পদ দিতে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। ১৯ সেপ্টেম্বর আরও পদ বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠির জবাব না পাওয়া ও তালিকা কাটছাঁট করায় পুলিশে অসন্তোষ দেখা দেয়। সব বিষয় বিবেচনা করে পদোন্নতির পদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন করে ৮ জন অতিরিক্ত আইজিপি ও ১৫ জনকে ডিআইজি পদে পদোন্নতি দিতে সুপারিশ করা হয়। এতে কয়েকটি শর্তাবলির কথা বলা হয়েছে, শর্তগুলো হচ্ছে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে, প্রধানমন্ত্রীর অনুমোদন গ্রহণ করতে হবে, পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে, পদ সৃজনের তারিখ থেকে সুপারনিউমারামির পদের মেয়াদ হবে এক বছর, অর্থ বিভাগের সম্মতিপত্র এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সুপারনিউমারারি পদ সৃজনের সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রেরণ করতে হবে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারনিউমারারির হিসেবে অতিরিক্ত আইজিপি পদে ২, ডিআইজি পদে ৫০, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০ ও পুলিশ সুপার পদে ১৫০ জনকে পদোন্নতি দিতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। আর পুলিশ সদর দপ্তরের তালিকায় ছিল অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) ১৫, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) ৩৪, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ১৪০, অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ১৫০ ও পুলিশ সুপার ১৯০ পদে পদোন্নতির বিষয়ে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, অবশেষে পুলিশে পদোন্নতির জট খুলছে। এতে আমরা খুশি। সুপারনিউমারারি পদে অতিরিক্ত আইজিপি হিসেবে ১৫ ও ১৭তম ব্যাচের কর্মকর্তাদের নাম চূড়ান্ত করা হয়েছে। ১৮, ২০, ২১, ২২ ও ২৪তম ব্যাচের প্রায় সবাই ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার বিষয়ে একমত হয়েছেন নীতিনির্ধারকরা। পাশাপাশি ২৭, ২৮ ও ২৯তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপারদের পুলিশ সুপার হিসেবে পদোন্নতির বিষয়টি আমলে নেওয়া হয়।